অভিনেত্রী রূপা ভট্টাচার্যকে হেনস্তার ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ও ২৬ জুন কলকাতার পাটুলি এলাকায় পৃথক দুটি ঘটনায় শারীরিকভাবে হেনস্তার শিকার হন তিনি। অভিযুক্ত গ্রেপ্তার হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন অভিনেত্রী।

প্রথম ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে অন্যদের সতর্ক থাকতে বলেন রূপা। পরে তিনি পাটুলি থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তের সময় পুলিশ জানতে পারে, একই ধরনের ঘটনার শিকার হয়েছেন আরও এক নারী। এরপর তদন্ত জোরদার করা হয়। তদন্তের একপর্যায়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। সংবাদমাধ্যমকে রূপা জানান, অভিযুক্তকে শনাক্ত করতে তাকে থানায় যেতে হয়েছিল। তবে তার সঙ্গে সরাসরি মুখোমুখি হতে হয়নি। অভিযুক্ত গ্রেপ্তার হওয়ায় তিনি স্বস্তি প্রকাশ করেন।
পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া ব্যক্তি এর আগেও একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তবে, এ ঘটনায় তিনি একাই জড়িত, নাকি এর পেছনে আরও কেউ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ অনুযায়ী, গত ২৪ জুন সন্ধ্যায় পাটুলির আর ব্লক এলাকায় হনুমান মন্দিরের দিকে হেঁটে যাওয়ার সময় এক সাইকেল আরোহী তাকে অনুসরণ করে। পরে পেছন থেকে এসে শারীরিকভাবে হেনস্তার চেষ্টা করে। আত্মরক্ষার চেষ্টা করতে গিয়ে রূপার ডান হাতে আঘাত লাগে। এরপর অভিযুক্ত পালিয়ে যায়।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এর দুই দিন পর, ২৬ জুন সন্ধ্যায় পাটুলির টি ব্লকের একটি খেলার মাঠের পাশে আবারও হেনস্তার শিকার হন তিনি। অভিযোগ, একটি খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের ডেলিভারি রাইডার ইচ্ছাকৃতভাবে মোটরসাইকেল নিয়ে তার খুব কাছ দিয়ে চলে যায়। রূপা প্রতিবাদ করলে ওই ব্যক্তি মোটরসাইকেল থামিয়ে তাকে হুমকি ও অশালীন ভাষায় গালিগালাজ করেন। দুই দফা ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করলে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের ধারাবাহিকতায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



