
দেশ ছেড়ে প্রবাসজীবন বেছে নেওয়ার পর বাস্তবতা কখনো কখনো কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দেয়। সেই গল্প নিয়ে হাসান জাহাঙ্গীর বানিয়েছেন ‘কন্ট্রাক্ট ম্যারেজ’।
কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী। আরও আছেন হাসান জাহাঙ্গীর, জেবা জান্নাত, কাজী হায়াৎ প্রমুখ।
১৫ মে সিনেমাটির মুক্তির ঘোষণা দেওয়া হলেও পরে তা নিয়ে বিতর্ক তৈরি হয়। অভিনেত্রী মৌসুমী দাবি করেন, তিনি সিনেমা নয়, নাটক হিসেবে কাজ করেছিলেন এবং বিষয়টি তার সঙ্গে প্রতারণা করা হয়েছে। একই অভিযোগ করেন জেবা জান্নাতও। তার লিখিত অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড সিনেমাটির সেন্সর সাময়িকভাবে স্থগিত করে।
এরপর এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে রিট করেন পরিচালক হাসান জাহাঙ্গীর। গতকাল হাইকোর্ট ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর সেন্সর বাতিলের সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিত করেন। আদালতের এ আদেশের পর আজ থেকেই দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দেওয়া হয়েছে।
এ বিষয়ে হাসান জাহাঙ্গীর বলেন, “মহামান্য হাইকোর্টের আদেশক্রমে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমাটির পূর্বের সাময়িক প্রদর্শনী স্থগিতাদেশ স্থগিত ঘোষণা করা হয়েছে। বিচারকের অনুমতিক্রমে আজ থেকে সারাদেশে সিনেমাটি মুক্তি পেয়েছে।”
তিনি আরও জানান, অল্প সময়ের মধ্যে যেসব হল মালিক সিনেমাটি প্রদর্শনের উদ্যোগ নিয়েছেন, তাদের প্রতি তিনি কৃতজ্ঞ।
সৈনিক ক্লাব (বনানী), বিজিবি সিনেমা হল (পিলখানা), আজাদ (সদরঘাট), গীত (পুরান ঢাকা), চাঁদ মহল (কাচপুর), সাবা সোহানা (টঙ্গী), চলন্তিকা (আড়াইহাজার), কে ই সিনেপ্লেক্স (কুমিল্লা), রাজ (কিশোরগঞ্জ), নন্দিতা (সিলেট), বনলতা (ফরিদপুর), রাজিয়া (নাগরপুর), মাধবী (মধুপুর), আলোছায়া (শরীয়তপুর), মধুছন্দা (মধুখালী) ও সোনালী (টেকেরহাট)।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



