আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নতুন ভিসা নীতি চালু করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। দীর্ঘদিনের প্রচলিত ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ সুবিধা বাতিল করে শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট মেয়াদে অবস্থানের নিয়ম চালুর নীতিগত অনুমোদন দিয়েছে হোয়াইট হাউস। ব্লুমবার্গ ল-এর এক প্রতিবেদনের বরাতে এই তথ্য জানা গেছে।

বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রচলিত নিয়ম অনুযায়ী, ‘এফ’ ক্যাটাগরির ভিসা পাওয়া শিক্ষার্থীরা তাদের একাডেমিক কোর্স বা পড়াশোনা চলমান থাকা এবং ভিসার শর্ত মেনে চলা সাপেক্ষে তাদের কোর্স শেষ হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকতে পারেন। তবে নতুন নিয়ম অনুযায়ী, শিক্ষার্থীরা দেশটিতে থাকার জন্য একটি নির্দিষ্ট মেয়াদ পাবেন। যদি নির্ধারিত মেয়াদের মধ্যে পড়াশোনা শেষ না হয়, তবে শিক্ষার্থীদের দেশটিতে অবস্থান দীর্ঘায়িত করতে অভিবাসন কর্তৃপক্ষের কাছে নতুন করে মেয়াদ বাড়ানোর আবেদন করতে হবে।
হোয়াইট হাউসের ‘অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট’ (ওএমবি) ইতিমধ্যেই এই চূড়ান্ত প্রবিধানের পর্যালোচনা সম্পন্ন করেছে, যা আনুষ্ঠানিক প্রকাশ ও বাস্তবায়নের ঠিক আগের ধাপ। নতুন এই নিয়ম মূলত এফ ভিসা ধারী শিক্ষার্থী, জে এক্সচেঞ্জ ভিজিটর, আই ক্যাটাগরির ভিসা ধারী এবং তাদের ওপর নির্ভরশীলদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
প্রস্তাবিত নতুন নীতিমালার আওতায় ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ বাতিল করা হলে অধিকাংশ শিক্ষার্থীর জন্য সর্বোচ্চ চার বছর অবস্থানের সময়সীমা নির্ধারণ করা হতে পারে। যদি কোনো শিক্ষার্থীর পড়ালেখা শেষ করতে চার বছরের বেশি সময় লাগে, তবে তাকে বাড়তি মেয়াদের জন্য পুনরায় আবেদন করতে হবে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
ইউএস ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) ২০২৫ সালে প্রথম এই পরিবর্তনের প্রস্তাব করেছিল। মূলত প্রথম ট্রাম্প প্রশাসনের মেয়াদে এই নীতির পরিকল্পনা করা হলেও সে সময় তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এবার হোয়াইট হাউসের পর্যালোচনা শেষ হওয়ায় এই চূড়ান্ত নিয়মটি যেকোনো মুহূর্তে আনুষ্ঠানিক নীতি হিসেবে কার্যকর হতে যাচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



