
জুমবাংলা ডেস্ক : মোবাইল ফোন ব্যবহারকারীদের যাতায়াতের ওপর ভিত্তি করে দেখা যায় ঈদের আট দিন আগ থেকে ঈদের দিন পর্যন্ত মোট ১ কোটি ৫ লাখ মানুষ ঢাকা ছেড়েছে। শুক্রবার (২৩ জুলাই) ছিল ঢাকা ফিরে আসার শেষ সুযোগ। সেই হিসাবে ঢাকা ফিরেছে মাত্র ৮ লাখ মানুষ। ২৩ জুলাই থেকে আরোপিত কঠোর লকডাউনে অনেক মানুষই ঢাকা ফেরেনি কিংবা ফিরতে পারেনি।
শুক্রবার (২৩ জুলাই) সকাল থেকে শুরু হওয়া ১৪ দিনের এ লকডাউনে ওষুধ, কৃষি প্রক্রিয়াজাত ও খাদ্য এবং চামড়া প্রক্রিয়াজাতকারী কারখানা ছাড়া সব কলকারখানা বন্ধ থাকবে। জরুরি সেবা ছাড়া অন্যান্য প্রতিষ্ঠান খোলা যাবে না। এমনি বন্ধ থাকবে পোশাক কারখানাও। আর এজন্যই যারা ঢাকা ছেড়েছে তাদের অনেকেই কাজে যোগ দেওয়ার তাগিদে ১ দিনের মাথায় রাজধানীতে প্রবেশ করতে হয় নি।
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার তার ভেরিফায়েড ফেসবুক পেজে জানান, আট দিনে ১ কোটি ৪ লাখ ৯৪ হাজার ৬৮৩ সিমধারী ঢাকা ছাড়েন। আর ঈদুল আজহার পরদিন গতকাল বৃহস্পতিবার ঢাকায় ফেরেন ৮ লাখ ২০ হাজার ৫১৬ জন সিমধারী।
যদিও একজন ব্যক্তির একাধিক সিম থাকতে পারে। তাই সিম সংখ্যার ওপরে ভিত্তি করে প্রকৃত সংখ্যা নিরূপণ করা কিছুটা কঠিন কাজ বটে। তবে মোবাইল ফোন অপারেটরদের বৈশ্বিক সংগঠন জিএসএমএ’র হিসাব মতে, দেশে মোবাইল সংযোগের সংখ্যা ১৭ কোটির বেশি। তাদের মধ্যে ইউনিক ইউজার’ ৫৪ শতাংশ। মানে হলো, দেশে প্রকৃত মোবাইল ব্যবহারকারীর সংখ্যা ৯ কোটির কিছু বেশি। ঢাকা ছেড়ে যাওয়া সিম সংখ্যার ক্ষেত্রে ইউনিক ইউজারের হারটি বিবেচনায় নিলে বলা যায়, ঈদের ছুটিতে ঢাকা ছেড়েছে প্রায় ৫৬ লাখ ৭০ হাজার মানুষ। ফিরেছে প্রায় ৪ লাখ ৪৩ হাজার। অবশ্য এ হিসাবে মুঠোফোন ব্যবহারকারী নন এমন ব্যক্তি ও শিশুরা আসেনি।
অন্যদিকে শুক্রবার (২৩ জুলাই) সকালে ঢাকায় ফিরে যানবহন না পেয়ে অনেক মানুষই বিপাকে পড়ে। গাবতলী, সায়দাবাদ, মহাখালী, সদরঘাট এবং কমলাপুর থেকে অনেক মানুষকেই হেঁটে গন্তব্যে পৌঁছাতে দেখা যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


