জুমবাংলা ডেস্ক : নোয়াখালী-৪ আসনের এমপি একরাম চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, এমপি একরাম চৌধুরীর লোকজন কোম্পানীগঞ্জে তাণ্ডব চালিয়ে আসছে। তিনি অস্ত্রধারীদের ভাড়া করে এনে কোম্পানীগঞ্জে নৈরাজ্য সৃষ্টি করছেন। তিনি আমাকে হত্যা করার জন্য উঠেপড়ে লেগেছেন।
শুক্রবার দুপুরে নিজ পৌরসভা কার্যালয় থেকে ফেসবুক লাইভে এসে এ কথা বলেন কাদের মির্জা।
তিনি আরও বলেন, কোম্পানীগঞ্জে শান্তি চাই, রক্তপাত চাই না। যখনই এ সত্য কথাগুলো বলি, তখন দলের নেতারা আমাকে বলে উন্মাদ, পাগল ও অর্বাচীন বালক। সময় প্রমাণ করবে আমি পাগল না ভালো।
কাদের মির্জা তার ভাই সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উদ্দেশে বলেন, আপনারা শত শত কোটি টাকা বানিয়েছেন, বিদেশে গাড়ি-বাড়ি করেছেন। অর্থবিত্ত, ক্ষমতা, যশ, খ্যাতি- এগুলো আল্লাহর প্রদত্ত, সেটা স্মরণ রাখতে হবে।
তিনি বলেন, র্যাব-৭ অভিযান চালিয়ে চরএলাহী থেকে অস্ত্রসহ সন্ত্রাসী শামছুদ্দিনকে গ্রেপ্তার করেছে। অন্যরা পালিয়ে গেছে। এ শামছুদ্দিন চরএলাহী ইউনিয়ন পরিষদের তথাকথিত চেয়ারম্যান আবদুর রাজ্জাকের ঘনিষ্ঠ সহযোগী। শামছুদ্দিনের ভাই সৌরভ কোম্পানীগঞ্জের দক্ষিণাঞ্চলের র্যাবের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী এবং রাজ্জাকের সেকেন্ড ইন কমান্ড। এলাকাবাসী অতিষ্ঠ হয়ে সৌরভকে পিটুনি দিয়ে হত্যা করেছে। র্যাবকে ধন্যবাদ জানাই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


