Advertisement
জুমবাংলা ডেস্ক : কুমিল্লার দেবিদ্বারে পীর সাহেবের কবর জিয়ারত করতে আসায় বিএনপির উপজেলা চেয়ারম্যান প্রার্থীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ধামতী দরবার শরীফে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বিএনপির প্রার্থীসহ ১৪ নেতাকর্মী আহত হয়েছেন। গুরুতর আহত দুই নেতাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী এফ এম তারেক মুন্সি অভিযোগ করে বলেন, ‘সোমবার সন্ধ্যায় ২০ থেকে ২২ জন দলীয় নেতাকর্মী নিয়ে আমি ধামতী দরবার শরীফের মরহুম পীর আব্দুল হালিম সাহেবের কবর জিয়ারত করতে আসি। এসময় আওয়ামী লীগ প্রার্থীর পক্ষের একদল সন্ত্রাসী অস্ত্রসহ ১২-১৩ মোটর সাইকেল এবং দুটি মাইক্রোবাস নিয়ে আমাদের ওপর হামলা চালায়। তাদের হাতে পিস্তল, রাম দা, চাপাতি, গ্যাস পাইপ এবং ককটেল বোমা ছিল, আমাদেরকে লক্ষ্য করে সন্ত্রাসীরা ৩ রাউন্ড ফাঁকা গুলি এবং ৪-৫ টি বোমা বিস্ফোরণ ঘটায়।’

তিনি আরও বলেন, ‘সন্ত্রাসীরা আমার সঙ্গে থাকা জেলা যুবদলের আইন বিষয়ক সম্পাদক মো. মহসিন এবং উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাকিব হাসানকে কুপিয়ে গুরুতর জখম করে। এসময় আমার গাড়ি ভাঙচুরসহ আরও ১২ নেতাকর্মীকে পিটিয়ে আহত করা হয়।’

হামলার ঘটনা অস্বীকার করে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আবুল কালাম আজাদ বলেন, বিএনপির লোকজন এখানে এসে ককটেল ফাটায়। আমাদের লোকজনদের ওপর হামলা চালায়। পরে স্থানীয় লোকজন তাদেরকে ধাওয়া করলে তারা পালিয়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন দেবিদ্বার থানা পুলিশ। গুরুতর আহত দুজনকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে, ঘটনার আগে থেকেই যুবদল নেতা মহসিনকে হুমকি ধামকি দেয়া হচ্ছিল বলেও অভিযোগ করা হয়।

দেবিদ্বার থানার ওসি জহিরুল আনোয়ার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি, তদন্ত করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.