Advertisement

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি কর্পোরেশনের দুটি এলাকায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গত পাঁচ দিনে শিশুসহ পাঁচ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে তিন শতাধিক মানুষ।

নিহত দুইজনের বাড়ি সিটি কর্পোরেশনের কাজীবাড়ি এবং তিনজনের পূর্বচান্দনা এলাকায়।

বৃহস্পতিবার ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের  (আইইডিসিআর) চিকিৎসকসহ ছয় সদস্যের প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা খাবার পানির নমুনা সংগ্রহ করেছেন।

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস জানান, গত রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত ৩০৬ জন ভর্তি ও চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে চারজনকে মহাখালীর কলেরা হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ৯৪ জন রোগী এই হাসপাতালে ভর্তি রয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ হাসপাতালে কামরুন্নাহার নামে এক রোগীর মৃত্যু হয়েছে। তিনি ডায়রিয়ার পাশাপাশি ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন।

গাজীপুর সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী (পানি) মো. নজরুল ইসলাম জানান, চার দিন ধরে ওই দুটি এলাকায় পানি সরবরাহ লাইন পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। বৃহস্পতিবার পর্যন্ত তাতে ত্রুটি পাওয়া যায়নি। পানির মেইন লাইন থেকে সরবরাহ লাইনের পানিতে ব্লিচিং পাউডার দেয়া হচ্ছে। পানির পাইপগুলো পরিষ্কার করা হয়েছে। তবে পরীক্ষা-নিরীক্ষা অব্যাহত আছে।

গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান জানান, এলাকায় খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

স্যুয়ারেজের লাইনের সঙ্গে পানি সরবরাহের লাইন মিশে এই সমস্যার সৃষ্টি হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google