
জুমবাংলা ডেস্ক : ৩০ সেকেন্ডের মধ্যে সর্বোচ্চ সংখ্যক পেন্সিল এক হাতের উপরে ব্যালেন্স করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. মনিরুল ইসলাম।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকের পক্ষ থেকে স্বীকৃতির বিষয়টি জানানো হয় মনিরুলকে। চলতি বছরের ৩ জুন তিনি এটি করেছিলেন।
প্রতিযোগিতায় অংশগ্রহণের বিষয়ে মনিরুল বলেন, আমি ব্যাতিক্রম কিছু করতে চেয়েছিলাম। ইউটিউবে নানা বিষয় দেখে সেখান থেকে আমি চিন্তা করি এটা করার। প্রথমে আমি ৫০টি পেন্সিল কিনি অনুশীলনের জন্য। প্রথম দিকে পারছিলাম না। কিন্তু বাবা-মা আর বন্ধুদের অনুপ্রেরণায় আমি বারবার চেষ্টা করি এবং সফল হই।
তিনি আরও বলেন, প্রথমে গিনেস রেকর্ডের ওয়েবসাইটে আমি আবেদনের নিয়মকানুন পড়ি। এরপর সে অনুযায়ী ভিডিও করে পাঠাই। একমাসের মধ্যে সার্টিফিকেটটি হাতে পাবো বলে নিশ্চিত করে তারা। এছাড়া আরও কয়েকটি ইভেন্টের জন্য আমি প্রস্তুতি নিচ্ছি।
মনিরুল ইসলাম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী। কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার বাসিন্দা তিনি। বাবা জহিরুল ইসলাম এবং মাতা খায়রুন নাহার। দুই ভাইবোনের মধ্যে তিনি বড়।
প্রসঙ্গত, এর আগে এই বিষয়ের রেকর্ডটাও বাংলাদেশের একজনের। তার নাম সিয়াম। থাকেন ঢাকার মিরপুরে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


