বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, হাদির বিচার বাংলার মাটিতেই হবে। বিএনপিও হাদির বিচার চায়। কিন্তু ১৭ বছর গুপ্ত থাকার পর বের হওয়ায় একটি দল নির্বাচন বন্ধ করার জন্য হাদির বিচারের নামে নির্বাচন বন্ধ করার নানা ষড়যন্ত্র করছে।
সোমবার (০৯ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী কেন্দীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীমের নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, একটি দল ১৭ বছরে গুপ্ত ছিল। গুপ্ত হয়ে ছাত্রলীগের ছিল। আওয়ামী লীগে ছিল। হাসিনার পতনের পর তারা বেরিয়ে পড়লো। বিপ্লবী হয়ে গেলো। এখন তারা নির্বাচন নিয়ে নানা রকম ষড়যন্ত্র করছে। কখনো দাবি-দাওয়া দিয়ে নির্বাচন ভন্ডুল করতে চায়। কয়েকদিন আগে দেখলাম, হাদির বিচারের নামে স্লোগান হলো আগে হাদির বিচার তারপর নির্বাচন।
টুকু বলেন, জামায়াত ক্ষমতায় যায় নাই। তার আগেই মন্ত্রী বানাবো বলে ঘোষণা দেয়। তাহলে কি ষড়যন্ত্র করে হাসিনার মতো ভোট ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় যাবে? তারা বলে সৎ লোকের শাসন কায়েম করবে? তাহলে আমরা কি সবাই অসৎ। তারা নির্বাচনকে ঘিরে একটা জায়গায় ১০ ব্যানার ফেস্টুন বানিয়েছে। তাদের এত টাকা কোথা থেকে আসে?
টুকু বলেন, তারা বলে আমাদের সাচ্চা মুসলমান বানাবে? তাহলে কি আমরা মুসলমান না? তাদের দলের প্রতিষ্ঠাতা বলেছে, নবীদের মনে পাপ আছে। তারা মওদুদী ইসলাম কায়েম করতে চায়। আর আমরা মদীনার ইসলাম কায়েম করতে চাই।
তিনি বলেন, কোরআনে স্পষ্ট বলা হয়েছে তোমরা ধর্মকে নিজেদের স্বার্থে ব্যবহার করবে না। ধর্মকে নিয়ে বিনিময় করবে না। কোরআনের নিষেধ ও আল্লাহর নিষেধ অমান্য করে ধর্মকে ব্যবহার করে ভোট চাচ্ছে।
সভায় বেলকুচি-চৌহালী আসনের প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সবাই মিলে ধানের শীষকে বিজয় করে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করা হবে। ধানের শীষ বিজয় হলে নারীদের ফ্যামিলী কার্ড ও কৃষি কার্ড, তাঁত শিল্পকে আধুনিয়ান করে বিশ্ববাজারে তাঁতপণ্য রপ্তানি করা হবে। বেলকুচিতে আইটি পার্ক নির্মাণ করা হবে। বেলকুচি মানুষের ভাগ্য পরিবর্তন করা হবে। সভায় হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


