আন্তর্জাতিক ডেস্ক : ভারী বৃষ্টিপাতে বন্যা ও ভূমিধসের আশংকায় জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কমপক্ষে ৭ লাখ লোককে সরিয়ে নিতে নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া ইতিমধ্যে প্রবল বর্ষণে ২ জনের মৃত্যু হয়েছে বলে খবরে বলা হয়েছে হয়েছে। খবর এএফপি, সিএনএ।

এতে বলা হয়, ব্যাপক মহাবিপর্যয়ের সম্ভাবনা থাকায় লোকজনের জীবন রক্ষার লক্ষ্যে এ নির্দেশ দেয়া হলো। প্রবল বর্ষণের কারণে প্রয়োজনে এ অঞ্চলের ১০ লাখের বেশি লোককে সরিয়ে নেয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।
তবে স্থানীয় কর্তৃপক্ষ লোকজনকে সরিয়ে নেয়ার নির্দেশ ও সতর্কবার্তা জারি করলেও তা বাধ্যতামূলক নয়। এদিকে সরকারি কর্মকর্তারা স্থানীয় বাসিন্দাদের সতর্কাবস্থায় থাকার আহ্বান জানিয়েছেন।
দমকল ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, তারা ইতোমধ্যে সাগা অঞ্চলের অনেক বাড়ি বন্যা কবলিত হওয়ার খবর পেয়েছে। সরকারি কর্মকর্তারা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য নিশ্চিত করতে সেখানে কাজ করছে।
বুধবার সকালে জরুরি ভিত্তিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাপান আবহাওয়া সংস্থা বলেছে, ‘আমরা বিভিন্ন নগরীতে নজিরবিহীন পর্যায়ের বর্ষণ হতে দেখছি। এসব নগরীর জন্য আমরা বিশেষ সতর্কবার্তা জারি করেছি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



