Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: জাতীয় পার্টির চেয়ারম্যানের স্বাস্থ্য উপদেষ্টাসহ পার্টির সকল পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক শিক্ষা ও স্বাস্থ্য সচিব এমএম নিয়াজউদ্দিন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে মহানগরীর গাজীপুর সেন্ট্রাল পাবলিক কলেজ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে এমএম নিয়াজউদ্দিন বলেন, বাংলাদেশ সরকারের সাবেক শিক্ষা ও স্বাস্থ্য সচিব হিসেবে দায়িত্ব পালনকালে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং বেকার যুবকদের চাকরিসহ কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। এরপর ২০১৫ সালে সচিব হিসেবে অবসর গ্রহণ করি। আমি বর্তমানে বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হওয়ার কারণে রাজনৈতিক কর্মকাণ্ড করা সম্ভব হচ্ছে না। সরকারি চাকরি হতে অবসর গ্রহণের পর জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের আমন্ত্রণে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে সপৃক্ত হয়ে পার্টির চেয়ারম্যানের স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা হিসেবে মনোনীত হই।

তিনি বলেন, বর্তমানে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক বিভিন্ন কারণে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা আমার পক্ষে সম্ভব নয়। তাই আমি স্বেচ্ছায় সকল রাজনৈতিক কর্মকাণ্ড, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা, সাধারণ সদস্য ও পার্টি থেকে পদত্যাগ করলাম। শনিবার এ পদত্যাগপত্র পার্টির চেয়ারম্যানের কাছে পৌঁছানো হয়েছে বলেও জানান এমএম নিয়াজউদ্দিন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google