পর্দার অত্যন্ত পরিচিত মুখ আইনুন নাহার পুতুল। দুই দশকেরও বেশি সময় ধরে অভিনয়ের আঙিনায় নিজের প্রতিভার স্বাক্ষর রাখছেন তিনি। রয়েছে নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠানও, পাশাপাশি নিয়মিত কাজ করছেন থিয়েটার তথা মঞ্চ নাটকে। তবে সম্প্রতি সামাজিক মাধ্যমে এক রহস্যময় কাণ্ডের মুখোমুখি হয়েছেন এই অভিনেত্রী।

তার ধারণা, তিনি কোনো ‘ফেক আইডি’ কিংবা আইডি হ্যাকারের খপ্পরে পড়েছেন। তবে সাধারণ কোনো ফেক প্রোফাইল নয়, দেশের বরেণ্য অভিনেত্রী ডলি জহুরের ফেসবুক আইডি থেকে এমন কাণ্ড ঘটেছে বলে দাবি পুতুলের।
সোমবার (১৫ জুন) মধ্যরাতে নিজের ফেসবুকে একটি পোস্ট দেন আইনুন নাহার পুতুল। কিছু স্ক্রিনশট পোস্ট করেন; তাতে দেখা যায়, ডলি জহুর নামের সেই আইডি থেকে পুতুলের মেসেঞ্জারে কিছু বার্তা পাঠানো হয়। সাধারণত কোনো আইডি হ্যাক হলে বা ফেক আইডি থেকে যেমন অনাকাঙ্ক্ষিত কিংবা অপ্রীতিকর বার্তা পাঠানো হয়, এখানে তেমন কিছু ছিল না। সেখানে লেখা ছিল, ডলি জহুরের এক বান্ধবীর ছেলে পুতুলের অভিনয়ের ভক্ত এবং সে ফেসবুকে তার সঙ্গে যুক্ত হতে চায়। বিষয়টি পুতুল বেশ ঠান্ডা মাথায় সামলানোর চেষ্টা করলেও একপর্যায়ে আইডিটির সত্যতা নিয়ে তার মনে সন্দেহ জাগে। পরিস্থিতি বুঝতে পেরে তিনি ওই আইডিটি ব্লক করে দেন।
সেই আইডির প্রোফাইল ও ইনবক্সের কথোপকথনের স্ক্রিনশট শেয়ার করে অভিনেত্রী পুতুল তার পোস্টে লেখেন, মনে হয় এটা ডলি মা’র ফেইক আইডি। তার সাথে কথোপকথনে মনে হলো উনি একজন সম্মানিত হ্যাকার। তারপর আমি আইডিটি ব্লক করেছি। মিডিয়ার অনেক আর্টিস্ট ওনার ফ্রেন্ডলিস্টে আছেন। তাই মনে হল পোস্ট করাটা জরুরি। আমার ভুল হলে শুধরে দিবেন প্লিজ।
পুতুলের এই পোস্টের পর তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে বেশ শোরগোল পড়ে যায়। অনেকে কমেন্ট বক্সে অভিনেত্রীকে এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তবে মজার বিষয় হলো, পোস্টের নিচে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একাংশ যেমন হ্যাকিংয়ের আশঙ্কা প্রকাশ করেছেন, তেমনি অন্য একাংশ আবার খানিকটা মজাও নিয়েছেন। কেউ কেউ মন্তব্য করেছেন, জ্যেষ্ঠ অভিনেত্রী ডলি জহুরের মেসেজ লেখার বা কথা বলার ধরণ মূলত এমনই; তাই এখানে আতঙ্কের কিছু নেই বলেও তারা মনে করছেন।
এদিকে ডলি জহুরের সেই ফেসবুক আইডিটি ক্রস চেক করে দেখা গেছে, ওই প্রোফাইলে বিনোদন অঙ্গনের অনেক তারকা ও গণমাধ্যমকর্মীদের মিউচুয়াল ফ্রেন্ড হিসেবে দেখা যাচ্ছে। এছাড়াও প্রোফাইলটিতে ৬৬ হাজারেরও বেশি ফলোয়ার রয়েছে; যুক্ত রয়েছে একই নামের ইনস্টাগ্রামের প্রোফাইলও। ফলে এটি ফেক আইডি না হওয়ার সম্ভাবনাই বেশি।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
তবে পুতুলের দাবি অনুসারে, আইডিটি যদি সত্যিই কোনো হ্যাকারের কবলে পড়ে থাকে, তবে তা বিনোদন অঙ্গনের অন্যান্যদের জন্যও উদ্বেগের কারণ হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



