মেট্রোরেল নির্মাণ ও পরিচালনাকারী প্রতিষ্ঠানের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী ফারুক আহমেদের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। আজ সোমবার (২ মার্চ) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এ– সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সহকারী সচিব মো. দেলোয়ার হোসেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।’
জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। তবে ঠিক কী কারণে বা কোন প্রেক্ষাপটে এই নিয়োগ বাতিল করা হয়েছে, সে বিষয়ে প্রজ্ঞাপনে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এর আগে অন্তর্বর্তী সরকারের আমলে ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি ডিএমটিসিএলের এমডি হিসেবে নিয়োগ পান ফারুক আহমেদ। তাকে তিন বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল।
তখন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ জানিয়েছিল, মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বপ্রাপ্ত সরকারি এই প্রতিষ্ঠানে প্রথমবার কোনো পেশাদার প্রকৌশলী ও আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিকে এমডি হিসেবে নিয়োগ দেওয়া হলো। এর আগে এ পদে সাধারণত প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হতো।
ফারুক আহমেদ (চুয়েট) থেকে স্নাতক এবং অস্ট্রেলিয়া থেকে স্নাতকোত্তর ও এমবিএ ডিগ্রি অর্জন করেন। দীর্ঘ ৩৭ বছরের কর্মজীবনে তিনি অস্ট্রেলিয়া, ভারত, সৌদি আরব ও হংকংসহ বিভিন্ন দেশে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন।
একটি প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মাধ্যমে ৭৬ জন প্রার্থীর মধ্য থেকে তাঁকে এই পদের জন্য চূড়ান্তভাবে বাছাই করা হয়। ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ক্ষতিগ্রস্ত মিরপুর–১০ ও কাজীপাড়া স্টেশন পুনরায় চালু করার কারিগরি প্রক্রিয়ায়ও তার ভূমিকা ছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


