জুমবাংলা ডেস্ক: ফরিদপুরের বোয়ালমারীতে ‌’গাঁওগেরাম’ নামে একটি মিনি পার্কে গড়ে তোলা হয়েছে কৃষি জাদুঘর বা সংগ্রহশালা। উপজেলার চতুল ইউনিয়নের হাসামদিয়া গ্রামে ব্যক্তি উদ্যোগে কৃষিকাজে ব্যবহারের নানা উপকরণ সংগ্রহের মাধ্যমে গড়ে তোলা হয়েছে এ সংগ্রহশালা।

ব্যতিক্রমী এ জাদুঘর স্থানীয় ও বিভিন্ন এলাকা থেকে ঘুরতে আসা মানুষের কাছে বিনোদনের কেন্দ্রে পরিণত হয়েছে। কৃষি যন্ত্রপাতির সঙ্গে পরিচিত হতে শিক্ষার্থীসহ গবেষকরাও আসেন এখানে।

ঢেঁকি, মই, লাঙল, তেল ভাঙানোর ঘানিসহ হারিয়ে যাওয়া কৃষি উপকরণ স্থান পেয়েছে এ জাদুঘরে। সঙ্গে রয়েছে কৃষি বিষয়ক সমৃদ্ধ একটি পাঠাগারও। আর এখানে অবকাঠামোগত সুযোগ বাড়ানোর আশ্বাস দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ।
ছন দিয়ে সাজানো গেট পার হলেই দেখা যায়, কৃষিকাজের নানা উপকরণ, দড়ি পাকানোর ঢ্যারা, ঢেঁকি, আম পাড়ার জালি, লাঙল-জোয়াল, গরুর গাড়ির ছই, মাছ ধরার চাঁই থেকে শুরু করে দেশের বিভিন্ন অঞ্চলের কৃষি উপকরণে ঠাসা মাটির ঘর। পাশেই রয়েছে কৃষকের স্বাস্থ্য শিক্ষা ও চাষবাসের জন্য থরে থরে সাজানো দুর্লভ সব বই নিয়ে কৃষি পাঠাগার।
কৃষি জাদুঘর

Advertisement

বোয়ালমারী উপজেলার জাকারিয়া বেগের মাটির বাড়িটি এখন সমৃদ্ধ একটি কৃষি জাদুঘর। ১০ বছর ধরে দেশের বিভিন্ন জেলা থেকে কৃষিকাজের ব্যাবহারিক নানা উপকরণ সংগ্রহের মাধ্যমে গড়ে তুলেছেন কৃষি জাদুঘর ও কৃষি তথ্য পাঠাগার। কৃষিভিত্তিক জ্ঞান অর্জনে শিক্ষক-শিক্ষার্থীরা বিভিন্ন এলাকা থেকে এ জাদুঘর দেখতে আসেন।

গাঁওগেরামের উদ্যোক্তা জাকারিয়া বেগ আজ রবিবার বলেন, নতুন প্রজন্মকে কৃষির সঙ্গে যুক্ত করা আর কৃষকের মাঝে বাস্তবভিত্তিক জ্ঞান দিতে এ জাদুঘর গড়ে তোলা। এখানে কৃষি পাঠাগারে সেসব বইও সংগ্রহ করা হয়েছে।
কিভাবে এগুলো সংগ্রহ করছেন জানতে চাইলে জাকারিয়া বেগ বলেন, আমি ছোটবেলা থেকেই বাঙালি সংস্কৃতি নিয়ে কাজ করছি। এখনো সংগ্রহ করে চলেছি। আমার এখানে প্রায় তিন শ উপকরণ সংগ্রহে আছে। যেখানে আদি বাংলার কোনো উপকরণ চোখে পড়ে, সেগুলো সংগ্রহ করে আমার কৃষি জাদুঘরে সাজিয়ে রাখি। কৃষি ও কৃষকের প্রতি ভালোবাসার এমন দৃষ্টান্তকে ইতিবাচক হিসেবে দেখছে কৃষি বিভাগ ও উপজেলা প্রশাসন।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা প্রিতম হোড় বলেন, তার এই কাজ কৃষি উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারেফ হোসাইন বলেন, গাঁওগেরামে গড়ে ওঠা কৃষি সংগ্রহশালাকে ভবিষ্যতে কিভাবে আরো সমৃদ্ধ করা যায়, সে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। কৃষি বিভাগের সঙ্গে বিষয়টি নিয়ে ইতোমধ্যেই কথা বলা হয়েছে।

টানাটানির সংসারে শত অভাবকে পেছনে ফেলে বাউলকন্যা মিতা এখন ম্যাজিস্ট্রেট

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.