Advertisement
জুমবাংলা ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সোনারগাঁ থানা যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলাম স্বপনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৮টায় রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়ার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। স্বপনের বাড়ি জেলার সোনারগাঁ উপজেলায়।

এর আগে বিকেলে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর বাড়িতে তারেক রহমানের সাথে ভার্চুয়াল বৈঠকের আয়োজন করা হয়। সেই বৈঠকে যুবদল নেতা শহিদুল ইসলাম স্বপন অংশগ্রহণ করেছিলেন।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, যুবদল নেতা সাইদুল ইসলাম স্বপন ও তার সঙ্গীরা গোলাকান্দাইলের একটি বাড়িতে বসে ভিডিও কনফারন্সের মাধ্যমে বিএনপি নেতা তারেক রহমানের সঙ্গে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করছিল। গোপন তথ্যের ভিত্তিতে সে বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে সাইদুরকে আটক করে। এসময় ওই বাড়ি থেকে একটি করে ল্যাপটপ ও প্রজেক্টর জব্দ করা হয়েছে।

গ্রেফতারের পর সাইদুল ইসলাম স্বপনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি মাহমুদুল ইসলাম।

তবে পুলিশের অভিযোগ অস্বীকার করে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান দীপু ভুঁইয়া বলেন, আমার গোলাকান্দাইলের বাড়িতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় যুবদলের সঙ্গে জেলা যুবদলের মিটিং চলছিল। সেখানে ভাইস চেয়ারম্যান তারেক রহমানের যুক্ত হওয়ার কথা ছিল। আমি অসুস্থ থাকায় সেখানে যেতে পারিনি। শুনেছি সেখান থেকেই সাইদুরকে আটক করেছে পুলিশ।

ঘটনার নিন্দা জানিয়ে জেলা যুবদলের সভাপতি শহিদুল ইসলাম টিটু বলেন, সাংগঠনিক বৈঠক করা একটি রাজনৈতিক সংগঠনের সাংবিধানিক অধিকার। এটাকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করে গ্রেফতারের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি আরো বলেন, যুবদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা যুবদলের সভা চলছিল। সভা চলাকালে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য নেতা-কর্মীরা সেখান থেকে চলে গেলেও পুলিশ স্বপনকে আটক করে।

এ ব্যাপারে জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শফিউল ইসলাম বলেন, যুবদল নেতা শহিদুল ইসলাম স্বপন রূপগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সূত্র : সময় নিউজ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.