
ইরানের সংবাদ মাধ্যম পার্সটুডে জানায়, ইরানের রাজধানী তেহরানের কাছে ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতদের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে শনিবার বিকেলে তেহরানের আমিরকাবির বিশ্ববিদ্যালয়ের সামনে একটি সভা অনুষ্ঠিত হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমাবেশকারীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
এ সময় ব্রিটিশ রাষ্ট্রদূতকে সমাবেশকারীদের মধ্যে পাওয়া যায়। ইরানের নিরাপত্তাবাহিনীর দাবি সমাবেশকারীদের বিক্ষোভ করার জন্য উসকে দিয়েছিলেন তিনি। এ কারণে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।
উল্লেখ্য, গত বুধবার ৮ জানুয়ারি ভোররাতে ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান তেহরানের ইমাম খোমেনী (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর বিধ্বস্ত হয়। এ ঘটনায় বিমানটির ১৭৬ আরোহীর সবাই প্রাণ হারান।
শনিবার ইরানের সশস্ত্র বাহিনী সকালে এক বিবৃতিতে জানায়, মার্কিন ক্ষেপণাস্ত্র মনে করে ভুলবশত যাত্রীবাহী বিমানটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কারণে এটি ভূপাতিত হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



