
জুমবাংলা ডেস্ক : পরিবেশ মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, কুলাঙ্গার ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করলেই সমাজকে ধর্ষণমুক্ত করা যাবে না। ধর্ষকদের সামাজিকভাবে বয়কট করতে হবে। ধর্ষকদের পিতা-মাতা, আত্মীয়-স্বজন জনসমক্ষে ধর্ষকদের বর্জনের ঘোষণা না দিলে তাদেরকেও বয়কট করতে হবে। সম্প্রতি বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে মন্ত্রী এসময় ধর্ষকদের নিজ নিজ এলাকায় ঢুকতে না দেওয়ার জন্য উপস্থিত জনপ্রতিনিধিদের প্রতি এবং আইনি সহায়তা না দেওয়ার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানান।
আজ রবিবার সকালে বড়লেখা উপজেলা প্রশাসন কর্তৃক শারদীয় দুর্গাপূজা-২০২০ উদযাপন উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত বড়লেখা উপজেলার ১২৯টি সার্বজনীন পূজামণ্ডপে ৫০০ কেজি হারে জি.আর চালের ছাড়পত্র (ডিও) প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার শামীম আল ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজউদ্দিন, বড়লেখা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান ও বড়লেখা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিধান চন্দ্র দাস প্রমুখ বক্তব্য রাখেন।
পরে মন্ত্রী দুর্যোগ ব্যবস্থা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ৩ কোটি ৪৮ লক্ষ ৫৬ হাজার টাকা ব্যয়ে পাকশাইল আদর্শ উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রকল্প ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


