Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের নাগরিকত্ব সংশোধনী বিলের (সিএবি) বিরোধিতায় উত্তাল হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ রাজ্য।  কলকাতাসহ এ রাজ্যের হাওড়ার উলুবেড়িয়া, মুর্শিদাবাদের বেলডাঙা, বহরমপুরসহ বিভিন্ন এলাকায় অবরোধ, ভাংচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

আনন্দবাজার জানায়, রেললাইন, সড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে দেন বিক্ষোভকারীরা।  শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  আইনকে সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়।
হাওড়ার উলুবেড়িয়া এবং মুর্শিদাবাদের বেলডাঙার পরিস্থিতি সবচেয়ে উত্তপ্ত।  এ দিন প্রথমে ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয় উলুবেড়িয়ায়।  কয়েক হাজার বিক্ষোভকারী রাস্তা আটকে আগুন জ্বালিয়ে দেন।  পরে অবরোধ শুরু হয় রেললাইনে। হাওড়া-খড়্গপুর শাখায় ট্রেন চলাচল সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে।

হাওড়া থেকে দক্ষিণ ভারতের দিকে যাওয়া বিভিন্ন দূরপাল্লার ট্রেন আটকা পড়ে।  হাওড়ায় ফেরার পথেও আটকে আছে একাধিক দূরপাল্লার ট্রেন। রেললাইনে আগুন জ্বালিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। পাথর ছুড়ে হামলা চালানো হয় আটকে থাকা ট্রেনে।

মুর্শিদাবাদের বেলডাঙাও শুক্রবার সকাল থেকেই উত্তপ্ত। জাতীয় সড়ক এবং রেললাইনে অবরোধ চলছে বেলডাঙায়। সেখানেও রেললাইনে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। জাতীয় সড়ক থেকে পুলিশ অবরোধ হঠানোর চেষ্টা করতেই রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা।  শিয়ালদহ-লালগোলা শাখায় ট্রেন চলাচল বিপর্যস্ত।মুর্শিদাবাদের জেলা সদর বহরমপুরেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

কলকাতার পার্ক সার্কাস এলাকাও উত্তপ্ত হয়েছে। পার্ক সার্কাস সেভেন্ট পয়েন্ট অবরোধ করে বিক্ষোভ দেখান কয়েকশ লোক। রাস্তায় টায়ার জ্বালানো হয়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অশান্তির বিরুদ্ধে বার্তা দিয়েছেন।  রাজ্যবাসীর উদ্দেশে তার আহ্বান, বাংলায় শান্তি বহাল রাখুন। সিএবির প্রতিবাদ করতে হলে গণতান্ত্রিক উপায়ে তা করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

রাজ্যপাল জগদীপ ধনখড়ও শান্তির আবেদন জানিয়েছেন। তিনি বলেছেন, ‘সংসদে পাশ হওয়া আইনে ভরসা রাখুন। দেশের সংবিধানে ভরসা রাখুন। পশ্চিমবঙ্গের মানুষ শান্তিপ্রিয়। রাজ্যপালের এই অনুরোধ তারা নিশ্চয়ই মানবেন। আইন নিজের হাতে তুলে নেবেন না।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.