ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা নাট্য নির্মাতা ফারহাদ আহমেদ ইশানের বিরুদ্ধে বকেয়া পারিশ্রমিক শোধ না করার অভিযোগ তুলেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে পারসা এ অভিযোগ করেন। তিনি লেখেন, গত সাত মাস ধরে তার প্রাপ্য পারিশ্রমিকের জন্য অপেক্ষা করছেন। শুধু তিনি নন, প্রোডাকশন টিমের অনেক সদস্যও পারিশ্রমিক পাননি বলে দাবি করেন।
পারসা বলেন, ‘শুধু আমি নই- টিমের আরও অনেক সদস্য এখনও তাদের পাওনা বুঝে পাননি। আমাকে উনি টাকা দিয়েছেন তবে কিছু টাকা এখনও পরিশোধ করতে পারেননি।’ তিনি আরও প্রশ্ন তোলেন, যারা দিন এনে দিন খায় তাদের পাওনা কেন বকেয়া রাখা হয়েছে।
তিনি শিল্পীদের সতর্ক করে লেখেন, কোনো কাজ শুরুর আগে যথাযথ খোঁজখবর নেওয়া, চুক্তি লিখিতভাবে নিশ্চিত করা এবং নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেন। পারসা বলেন, ‘আমরা নিশ্চয়ই এমন একটি ইন্ডাস্ট্রি চাই, যেখানে সততা, দায়িত্ববোধ এবং পেশাদারিত্বকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।’
গণমাধ্যমকে পারসা জানান, ‘নীলাঞ্জনা এক্সপ্রেস’ ওয়েব কনটেন্টে কাজ করার সময় চারদিনের শুটিংয়ের কথা ছিল। শেষ দিন শুটিং অসম্পূর্ণ থাকায় পরিচালক তাকে টাকা দিতে বিলম্বের আশ্বাস দেন। কিন্তু সাত মাস পেরিয়ে গেলেও পুরো পারিশ্রমিক পাননি তিনি। বাকি দৃশ্যের শুটিং না করেই কাজটি মুক্তি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন পারসা।
এ বিষয়ে পরিচালক ফারহাদ আহমেদ ইশান গণমাধ্যমকে বলেন, শেষ দিন পারসা ইভানার অসহযোগিতাপূর্ণ আচরণের কারণে কয়েকটি দৃশ্য ধারণ করা সম্ভব হয়নি। পরবর্তীতে শিল্পীদের শিডিউল না পাওয়ায় কাজ সম্পূর্ণ করা যায়নি। প্রযোজনা সংস্থার কাছে বিল আটকে যাওয়া এবং ব্যক্তিগত আর্থিক সংকটের কারণে পারিশ্রমিক শোধে বিলম্ব হয়েছে। তিনি জানান, পারসার অধিকাংশ টাকা ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে এবং বাকিটাও শোধ করে দেওয়া হবে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
পরিচালক আরও বলেন, অন্যান্যদের বকেয়া পারিশ্রমিকও শিগগিরই পরিশোধ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



