যশোর শহরের পরিত্যক্ত জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হঠাৎ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি সম্বলিত একটি ব্যানার ঝুলতে দেখা গেছে।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা সাতটার পর শহরের গাড়িখানাস্থ দলীয় কার্যালয়ের ছাদের সামনের দেয়ালে ব্যানারটি দেখা যায়। তবে কে বা কারা, কখন এটি টানিয়েছে—তা নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় আলোচনা শুরু হয়। পরে রাত সাড়ে আটটার দিকে পুলিশ এসে ব্যানারটি নামিয়ে হেফাজতে নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সড়কমুখী অংশে ঝুলানো ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার একটি আলিঙ্গনরত ছবি ছিল। ব্যানারের এক কোণে ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ লেখা ছিল। অনেক পথচারী ব্যানারটির ভিডিও ধারণ করেন।
স্থানীয় দোকানদাররা জানান, কে বা কারা ব্যানারটি টানিয়েছে, সে বিষয়ে তারা কিছু জানেন না।
এক দোকানদার বলেন, তিনতলা ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় আওয়ামী লীগের কার্যালয় ছিল। গত ৫ আগস্ট বিকেলে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় বিক্ষুব্ধ জনতা কার্যালয়ে আগুন দেয় এবং পরে ভাঙচুর ও লুটপাট করে। এরপর থেকে ভবনটি পরিত্যক্ত রয়েছে। পরবর্তীতে ভবন কর্তৃপক্ষ প্রবেশপথ ইট দিয়ে বন্ধ করে দেয়। ধারণা করা হচ্ছে, পাশের ভবনের কার্নিশ ব্যবহার করে কেউ ছাদে উঠে ব্যানারটি টানাতে পারে।
ভিডিও ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে যশোর কোতয়ালী মডেল থানা ও কসবা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে যান এবং ব্যানারটি অপসারণ করেন।
যশোর কোতয়ালী মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম ও কসবা পুলিশ ফাঁড়ির এসআই অহিদুজ্জামান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ব্যানারটি অপসারণ করে কসবা পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।
তবে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন, তিনি বিষয়টি জানেন না। এমনকি পুলিশের কোনো সদস্য ব্যানার অপসারণ করেনি বলেও তিনি দাবি করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


