
আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসনের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে তীব্র বাকবিতণ্ডা হয়েছে। বহুসংখ্যক পার্লামেন্ট সদস্য ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলি আগ্রাসনকে সরাসরি গণহত্যা ও যুদ্ধাপরাধ বলে মন্তব্য করেছেন। খবর পার্সটুডের।
ফিলিস্তিনের সাধারণ মানুষের ওপর ইসরায়েলি বর্বরতা থামাতে পার্লামেন্ট সদস্যরা ২৭ জাতির এ জোটের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। অনেক সদস্য প্রশ্ন তুলেছেন, বিশ্বের বিভিন্ন অংশে যেখানে নিষেধাজ্ঞা আরোপ করতে ইউরোপীয় ইউনিয়ন দ্বিধা করে না সেখানে ইসরায়েলের বর্বরতার পরেও কেন নিষেধাজ্ঞা আরোপ করা হবে না।
অনেক পার্লামেন্ট সদস্য ফিলিস্তিনের ওপর ইসরায়েলের চলমান সামরিক অভিযানকে গণহত্যা ও জাতিগত শুদ্ধি অভিযান বলে মন্তব্য করেন। তবে, আমেরিকার মতো ইউরোপীয় ইউনিয়নের ভেতরেও শক্তিশালী ইসরায়েলি লবি রয়েছে।
ইউরোপীয় পার্লামেন্টে ৭০৫ জন সদস্য রয়েছেন। ইসরায়েলপন্থি সদস্যরা বলেছেন, ‘সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে নির্মূল করার জন্য আমরা ইসরায়েলের পাশে রয়েছি।’ এ সত্ত্বেও ইসরায়েলের আগ্রাসী ভূমিকার বিরুদ্ধে সংখ্যাগরিষ্ঠ সদস্যরা অবস্থান নিয়েছেন। তারা মনে করেন, সামরিক উপায়ে ফিলিস্তিনি সংকটের সমাধান হবে না। সেক্ষেত্রে আমেরিকা ইসরায়েলকে যে অস্ত্র দিয়ে আসছে তা চলমান পরিস্থিতির কোনো জবাব হতে পারে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


