
আন্তর্জাতিক ডেস্ক : মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর মেলিন্ডা নিজের মতো সময় কাটাতে এবার বেছে নিয়েছেন ক্যারিবিয়ানের গ্রানাডার অন্তর্গত একটি নির্জন দ্বীপকে। ওই দ্বীপের প্রতিদিনের ভাড়া এক লাখ ৩২ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় এক কোটি ১১ লাখ টাকা।
গ্রানাডার অন্তর্গত এই দ্বীপটির নাম ক্যালিভিগনি। দ্বীপটি মূলত স্থানীয় এক ধনকুবেরের ব্যক্তিগত সম্পত্তি। বিশ্বের বিভিন্ন প্রান্তের বিত্তবানরা ছুটি কাটাতে এই দ্বীপে আসেন।
বিশ্বের প্রতিটি বিত্তবান মানুষের কাছেই এই দ্বীপটি জনপ্রিয়। গ্রানাডা বিমানবন্দরের খুব কাছে রয়েছে দ্বীপটি। লন্ডন, মিয়ামি, নিউইয়র্ক থেকে সরাসরি বিমানও রয়েছে গ্রানাডায়।
পরিবারের সঙ্গে একান্তে ছুটি কাটাতে তিন সন্তানকে সঙ্গে নিয়ে পাড়ি জমিয়েছেন ওই নির্জন দ্বীপে। রয়েছেন পরিবারের আরও কয়েক সদস্য। এই দ্বীপ থেকেই ক্রমাগত তার ব্যক্তিগত আইনজীবীর সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন মেলিন্ডা।
মোটা অঙ্কের ভাড়া দিয়েই কয়েক দিনের জন্য এই পুরো দ্বীপের সৌন্দর্য উপভোগ করছেন তারা। সমুদ্রে ঘেরা এই দ্বীপে যে রিসোর্টটি রয়েছে, তাতে ২০টি ঘর রয়েছে। শৌচাগার রয়েছে ১০টি। সুইমিংপুল, স্পা, নানা ধরনের খেলার জায়গা রয়েছে এই রিসোর্টে। বিনোদনের কোনো অভাব নেই এই দ্বীপে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


