বাগদানের এক বছর পর প্রেমিক রোহান ঠাকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বনি কাপুরের কন্যা আনশুলা কাপুর। সোমবার (৬ জুলাই) মুম্বাইয়ের তাজ ল্যান্ডে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। এসময় দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। হিন্দু রীতি ও আচার-অনুষ্ঠান মেনেই পরস্পরের গলায় মালা পরান এই যুগল। খবর ইন্ডিয়া টুডের।

বিয়ের জন্য আনশুলা বেছে নেন সূক্ষ্ম কারুকাজ করা পিচ ও কোরাল রঙের লেহেঙ্গা। এর সঙ্গে মিলিয়ে পরেন ঝলমলে সোনালি-বেইজ রঙের দুপাট্টা ও পোলকি গহনা। অন্যদিকে, রোহান পরেছিলেন টেক্সচারযুক্ত শ্যাম্পেন-গোল্ড রঙের শেরওয়ানি। তার সাজকে আকর্ষণীয় করে তুলেছিল সিল্কের ঐতিহ্যবাহী পাগড়ি, যাতে পান্নাখচিত একটি ব্রোচ ছিল।
ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিয়ের ছবি শেয়ার করে আনশুলা লিখেছেন, “এত মানুষের ভিড়ে, এত জায়গার মধ্যে, এত সময়ের বাঁকে—তুমিই ছিলে। জীবনের প্রতিটি মোড়, প্রতিটি ঘুরপথ আর প্রতিটি অপ্রত্যাশিত ঘটনার পরও শেষ পর্যন্ত তুমিই রয়ে গেলে। তুমি আমার সবচেয়ে প্রিয় কথোপকথন, সবচেয়ে নিরাপদ আশ্রয়, আর সবচেয়ে সহজ সিদ্ধান্ত। সবসময়ই তুমি।”
আনশুলার বিয়ে উপলক্ষে কাপুর পরিবারের পুনর্মিলন ছিল। বিয়ের অনুষ্ঠানে কাপুর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ তালিকায় রয়েছেন—আনশুলার বাবা বনি কাপুর, বড় ভাই অর্জুন কাপুর, সৎবোন জাহ্নবী কাপুর, খুশি কাপুর, চাচা অনিল কাপুর প্রমুখ। হিন্দু রীতি মেনে ‘সিঁদুর দান’ পর্বে জাহ্নবী কাপুর সিঁদুরসহ অন্যান্য অনুসঙ্গ নিয়ে রোহানের পাশে দাঁড়ান, আর খুশি কাপুর আনশুলাকে সহযোগিতা করেন। এ মুহূর্তের ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
গতকাল একটি সূত্র ইন্ডিয়া টুডেকে বলেন, “এটি ছিল একান্তই পারিবারিক আয়োজন। তাই অর্জুন কাপুর ব্যক্তিগতভাবে সংবাদমাধ্যম ও পাপারাজ্জিদের অনুরোধ করেছিলেন, তারা যেন অনুষ্ঠানস্থলে ভিড় না করেন। আগামীকাল (৭ জুলাই) নবদম্পতির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান, সেখানে চলচ্চিত্রাঙ্গনের বন্ধু ও সহকর্মীরাও উপস্থিত থাকবেন।”
একটি ডেটিং অ্যাপে রোহান ঠাকারের সঙ্গে পরিচয় হয় আনশুলা কাপুরের। পরিচয়ের পর রাত ১টা থেকে ভোর ৬টা পর্যন্ত তারা কথা বলেছিলেন। ৩ বছর পর সেন্ট্রাল পার্কের দুর্গের সামনে হাঁটু মোড়ে আনশুলাকে বিয়ের প্রস্তাব দেন রোহান। গত বছরের ৩ জুলাই মধ্যরাতে ইনস্টাগ্রামে ছবি প্রকাশ করে বাগদানের ঘোষণা দেন অভিনেতা অর্জুন কাপুরের বোন আনশুলা।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
মোনা সৌরি কাপুরের সঙ্গে প্রথম ঘর বেঁধেছিলেন শ্রীদেবীর স্বামী বনি কাপুর। মোনা-বনি দম্পতির দুই সন্তান—অর্জুন কাপুর ও আনশুলা কাপুর। বাবা বা ভাইয়ের মতো এখনো রুপালি জগতে পা রাখেননি আনশুলা কাপুর। তবে সোশ্যাল মিডিয়ায় দারুণ সরব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



