আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তুরস্কে ইউক্রেন বিষয়ক আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছিল কিন্তু বুচা শহরে রুশ সেনাদের বিরুদ্ধে কথিত গণহত্যার অভিযোগ পরিস্থিতিকে সম্পূর্ণ পাল্টে দিয়েছে। তিনি মস্কো সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। খবর পার্সটুডে’র।

পশ্চিমা গণমাধ্যমগুলো এসব ছবি প্রকাশ করে দাবি করে, রুশ সেনারা বুচা থেকে চলে যাওয়ার সময় বেসামরিক নাগরিকদের নির্বিচারে হত্যা করেছে। রাশিয়া অবশ্য কঠোর ভাষায় এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। মস্কো বলেছে, রাশিয়ার ওপর আরো বেশি নিষেধাজ্ঞা আরোপ এবং ইস্তাম্বুল শান্তি আলোচনাকে ব্যর্থ করে দেয়ার লক্ষ্যে এসব বানোয়াট ছবি প্রকাশ করা হয়েছে।
প্রেসিডেন্ট পুতিন মঙ্গলবার রাতে গুতেরেসের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বলেন, আমরা ইস্তাম্বুল শান্তি আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছিলাম। কিন্তু দুঃখজনকভাবে আলোচনা চালিয়ে যাওয়ার ব্যাপারে মতৈক্য অর্জিত হওয়ার একই সময়ে বুচায় কথিত গণহত্যার অভিযোগ উত্থাপন করা হয় যার সঙ্গে রুশ সেনারা কোনোভাবেই জড়িত নয়।
পুতিন বলেন, ওই ঘটনার পর আলোচনায় ইউক্রেনের প্রতিনিধিদের আচরণে ব্যাপক পরিবর্তন আসে এবং তারা আবার নিরাপত্তা গ্যারান্টি এবং ক্রিমিয়া, সেবাস্তোপোল ও দোনবাস প্রসঙ্গ উত্থাপন করে। রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, ইউক্রেন সরকার দেশটির পূর্বাঞ্চলে দমন অভিযান চালাতে সেনাবাহিনী ব্যবহার করার পর থেকেই ওই অঞ্চলের সংকট শুরু হয়।
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর এই প্রথম জাতিসংঘ মহাসচিব মস্কো সফরে গেলেন। তিনি মঙ্গলবার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন। আগামীকাল বুধবার গুতেরেস কিয়েভ সফরে গিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন বলে কথা রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



