
বিশ্বব্যাপী বরফ গলার ফলেই সাগরের পানির উচ্চতা বাড়ছে৷ কিন্তু তাপমাত্রা বাড়ার ফলে সাগরের পানিরাশির সম্প্রসারণ ঘটছে, অর্থাৎ তার ঘনত্ব কমে গিয়ে আয়তন বাড়ছে৷ দৃশ্যত ‘সি লেভেল’ বাড়ার এটাও একটা বড় কারণ৷
জার্ম বন বিশ্ববিদ্যালয়ের জিওডেসি অ্যান্ড জিওইনফর্মেশন ইনস্টিটিউটের প্রফেসর ইয়ুরগেন কুশে জানাচ্ছেন, ‘গত ১২ থেকে ১৫ বছরের ফলাফল পরীক্ষা করে দেখেছি৷ বছরে তিন মিলিমিটার করে সাগরের পানির উচ্চতা বাড়ছে৷ এ পর্যন্ত আমরা ভাবছিলাম যে, এর এক-চতুর্থাংশ সম্ভবত উষ্ণায়নের ফলে সাগরের পানির সম্প্রসারণের কারণে৷ কিন্তু এখন আমরা দেখছি, সি লেভেল বাড়ার ৫০ শতাংশ হলো সাগরের পানির সম্প্রসারণের দরুণ৷’
বন বিশ্ববিদ্যালয়ের গবেষক দলটি স্যাটেলাইট থেকে পাঠানো ডাটা বিশ্লেষণ করে দেখেছেন যে, গত ১২ বছরে উষ্ণায়নের এই বিশেষ ফলশ্রুতি যা ভাবা গিয়েছিল, তার প্রায় দ্বিগুণ হয়েছে৷ নতুন পদ্ধতিতে স্যাটেলাইটের ডাটা অ্যানালাইজ করে সাগরের পানির সম্প্রসারণ নিখুঁতভাবে হিসেব করা যায়৷
অপরদিকে উষ্ণায়নের ফলে পানির সম্প্রসারণ যদি সাগরের পানির উচ্চতা বাড়ায় একটা বৃহত্তর ভূমিকা পালন করে থাকে, তাহলে অতীতে অনেক কম তুষার গলা পানি সাগরে গিয়ে পড়েছে৷ কেননা সাগরের পানির উচ্চতা আগের মতোই বছরে তিন মিলিমিটার করে বেড়ে চলেছে৷ তবে এর একটা খারাপ দিকও আছে৷ এর অর্থ, সাগর আরো অনেক বেশি তাপ শুষে নিয়েছে৷
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



