গাজীপুরের একটি মসজিদে জুমার নামাজের সময় দান করতে গিয়ে জাল টাকাসহ হাতেনাতে ধরা পড়েছেন এক ব্যক্তি। এসময় তিনি নিজেকে সাংবাদিক বলে পরিচয় দেন।

শনিবার (২০ জুন) সকালে জাল টাকাসহ তাকে আদালতে পাঠায় পুলিশ। এর আগে শুক্রবার (১৯ জুন) মহানগরীর গাছা থানার অধীন ৩৫ নম্বর ওয়ার্ডের বোর্ড বাজার কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজের সময় তাকে আটক করেন মুসল্লিরা।
আটক ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কাওয়াতুল গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে হানিফ মিয়া। বর্তমানে তিনি ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানার পূর্ব নাখালপাড়া এলাকায় বসবাস করছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হানিফ মিয়া দুটি ৫০০ টাকার নোট দিয়ে ২০০ টাকা দান এবং বাকি ৮০০ টাকা ফেরত চান। এসময় এক মুসল্লির সন্দেহ হলে তিনি নোট দুটি ভালোভাবে পরীক্ষা করেন। পরে আরও কয়েকজন যাচাই করে নিশ্চিত হন, নোট দুটি জাল। সঙ্গে সঙ্গে তাকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়।
খবর পেয়ে গাছা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় মসজিদের মুয়াজ্জিন গাছা থানায় লিখিত অভিযোগ করেন।
গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
তিনি বলেন, আটক ব্যক্তির কাছ থেকে সাতটি ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



