Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ময়লার স্তূপ থেকে মানুষের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩১ আগস্ট) দুপুর ১২টার দিকে পৌরসভার বহেরারচালা গ্রামের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকা থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।

কঙ্কালটি স্থানীয় আব্বাস আলীর ছেলে সোহানের (১৪) বলে দাবি তার স্বজনদের। সোহান ওই এলাকার আবুল প্রধান কিন্ডারগার্টেনের চতুর্থ শ্রেণির ছাত্র। প্রায় এক মাস আগে সে নিখোঁজ হয়েছিল।

সোহানের বাবা আব্বাস আলী জানান, গত ৩ আগস্ট বিকেলে থেকে তার ছেলে নিখোঁজ হয়। পরে তাকে ফিরে পেতে পরিবারের পক্ষ থেকে শ্রীপুর থানায় সাধারণ ডায়েরিও করা হয়। মাসখানেক পার হলেও সোহানের কোনো খোঁজ পাচ্ছিলেন না তারা। সোমবার সকালে পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় মহাসড়কের পাশে ময়লার স্তূপে মানুষের কঙ্কাল দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে সেখানে গিয়ে কঙ্কালের পাশে থাকা হলুদ শার্ট, জিন্সের প্যান্ট ও জুতা দেখে তিনি সেটিকে সোহানের কঙ্কাল বলে দাবি করেন।

সোহানের মা নাজমা বেগম জানান, গত ৩ আগস্ট বিকেলে স্থানীয় লিচু বাগান এলাকায় সোহান তার খালা সেলিনা বেগমের বাসায় যায়। পরে তার খালার কাছ থেকে ২০ টাকা নিয়ে পাশে দোকানে যাওয়ার কথা বলে বের হয়ে নিখোঁজ হয়। ওই দিন সন্ধ্যায় স্থানীয় সফর উদ্দিনের ছেলে আজিজুল হকের সঙ্গে সোহানকে ওয়ালটন মোড় এলাকায় দেখেছে বলে জানিয়েছে এলাকাবাসী। আজিজুল মাদকসেবী। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, উদ্ধার হওয়া কঙ্কালটি নিখোঁজ সোহানের বলে দাবি করেছেন তার বাবা আব্বাস আলী। কঙ্কালটি প্রকৃতই সোহানের কি-না তা নিশ্চিত হতে তার ডিএনএ পরীক্ষা করা হবে। আজিজুলের বিরুদ্ধে শ্রীপুর থানায় একটি ডাকাতির প্রস্তুতির মামলা রয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google