চাঁদা দিতে অপরগতা প্রকাশ করায় বরিশাল নগরে বাবু শিকদার নামের এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। শুক্রবার ভোর রাতে নগরীর ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর তিন রাস্তার মোড়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়।

হত্যাকাণ্ডের শিকার দুই সন্তানের জনক বাবু সিকদার (৩০) ওই এলাকার কালাম শিকদারের ছেলে। চাঁদা দিতে রাজি না হওয়ায় পলাশপুরের চিহ্নিত কিশোর গ্যাং নিয়ন্ত্রক মধু ওরফে টোকাই মধুর নেতৃত্বে বাবুকে কুপিয়ে হত্যা করা হয় বলে দাবি করেছেন তার ভাই নাঈম হোসেন। এ সময় স্থানীয়রা ওই গ্যাং সদস্য শহীদ ওরফে কালা শহীদ ও মটু সিয়ামকে আটক করে কাউনিয়া থানা পুলিশে হস্তান্তর করে।
হত্যাকাণ্ডের শিকার বাবু শিকদারের ভাই নাঈম জানান, টোকাই মধু তার ভাইয়ের কাছে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করছিল। তিনি দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শুক্রবার ফজর নামাজের আগে পলাশপুর তিন রাস্তার মোড়ে টোকাই মধুর নেতৃত্বে তার ওপরে আচমকা হামলা করা হয়। হামলায় সদস্য ভাটি খানার হাতকাটা রেদওয়ান, তালতলী মাছ বাজারের রুবেল ওরফে খাটো রুবেল, ফকির রাজু, সাজ্জাদ ও সৈকত অংশ নেয় বলেও জানান তিনি ।
এ সময়ে কিশোর গ্যাংয়ের হাত থেকে বাঁচতে বাবু শিকদার ডাকচিৎকার দিলে এ সময় আমরা টের পেয়ে ঘটনাস্থলে জড় হলে হামলাকারীরা পালিয়ে যায়। পরবর্তীকালে বাবু সিকদারকে উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ওসি সনজিৎ চন্দ্র নাথ জানান, কিশোর গ্যাংয়ের হামলায় এ ঘটনা ঘটেছে। তবে নেপথ্যে মাদক রয়েছে। আমরা দুজনকে আটক করেছি। বাকিদের আটকের জন্য অভিযান চলছে। লাশ ময়নতন্ত্রের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



