Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে সর্বশেষ বিধানসভা নির্বাচনে জয় পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। অন্যদিকে ২০০-র বেশি আসন নিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন থাকলেও ৮০-র গণ্ডি পার হতে পারেনি বিজেপি। আর এরপর থেকেই বিজেপি ছেড়ে শাসকদল তৃণমূলে ফেরার ঢল নেমেছে নেতাকর্মীদের মধ্যে।

কোথাও জনসমক্ষে মাইকে প্রচার করে, কোথাও আজীবন তৃণমূলে থাকার শপথ নিয়ে, নানা পন্থায় তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন বিজেপি নেতাকর্মীরা। তবে গত জুন মাসের শেষ সপ্তাহে পশ্চিমবঙ্গের হুগলি জেলার খানাকুলে কয়েক জন বিজেপি কর্মী যে ভাবে স্বেচ্ছায় মাথা ন্যাড়া করে তৃণমূলে ফিরেছেন, তা বোধ হয় ছাড়িয়ে গেছে আগের সব ঘটনাকে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, পশ্চিমবঙ্গের আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের উপস্থিতিতে রাজ্যটির খানাকুলের বলপাই গ্রামে বিভাস মালিকের নেতৃত্বে বেশ কয়েকজন বিজেপি কর্মী যোগ দিয়েছেন মমতার দলে।

তৃণমূলে যাওয়ার পরেই তারা জানিয়েছেন, বিজেপিতে গিয়ে জীবনের সব থেকে বড় ভুল করেছিলেন। সে জন্য তাদের অনুশোচনা হচ্ছে। সেই ‘ভুল’-এর প্রায়শ্চিত্ত করতেই তৃণমূলে যোগ দেওয়ার আগে মাথা ন্যাড়া করেছেন তারা।

তবে এ ধরনের চমকপ্রদ ঘটনা এবারই প্রথম নয়। এর আগে বীরভূম জেলার লাভপুরের বিপ্রুটিকুরি এলাকায় অটো রিকশায় মাইক লাগিয়ে বিজেপি করার জন্য দলবদ্ধভাবে ক্ষমাপ্রার্থনা করেছিলেন বিজেপি নেতাকর্মীরা। ৩০/৩৫ জনের ওই দলটি মিছিল করে এলাকা ঘুরে গণ ক্ষমাপ্রার্থনা করেছিলেন জনতার কাছে।

সেসময় তারা বলেছিলেন, ‘বিধানসভা ভোটের সময় রাজ্য সরকার ও পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজ সম্পর্কে মিথ্যা প্রচার করেছি। উত্তেজনার সৃষ্টি করেছি। মিথ্যা অপবাদ ও কুকীর্তির জন্য গ্রামবাসীদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী। শপথ করছি, এমন কাজ ভবিষ্যতে কোনো দিন করব না।’

একই ছবি দেখা গেছে রাজ্যটির বোলপুর পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের শুঁড়িপাড়া এলাকায় এবং সাঁইথিয়ার বনগ্রাম এলাকায়। ওই জেলার নানুরের বাসাপাড়ায় প্রকাশ্যে শপথ বাক্য পাঠ করে তৃণমূলে যোগ দিয়েছিলেন ওই এলাকার বিজেপি কর্মীরা। তারা বলেছিলেন, ‘বিজেপি করা ভুল হয়েছিল, আমৃত্যু তৃণমূলে থাকব।’

উল্লেখ্য, গত ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত মোট আট দফায় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৯৪টি আসনের মধ্যে তৃণমূল জয়ী হয়েছে ২১৩টি আসনে। বিজেপি জয় পেয়েছে ৭৭টিতে।

এরপর গত মে মাসের শুরুতেই তৃতীয় দফায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা পরিস্থিতির কারণে শপথ অনুষ্ঠানে অতিথির সংখ্যা ছিল সীমিত। তারপর ৬ ও ৭ মে শপথ নেন বিধানসভা নির্বাচনের নবনির্বাচিত বিধায়করা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.