Advertisement
জুমবাংলা ডেস্ক : ‘ইয়াং ছেলেমেয়ে ও শিক্ষার্থীরা সন্ধ্যা সাতটার পর থেকে বাইরে যেতে পারবে না’- মাদারীপুরের জেলা প্রশাসকের এমন সিদ্ধান্ত সাধারণদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। বিষয়টি বর্তমানে ওই জেলার ‘টক অব দ্য টাউন’। ফলে আজ (বৃহস্পতিবার) মাইকিং করে সচেতনতার কথা থাকলেও সেটা প্রশাসনের পক্ষ থেকে স্থগিত করা হয়।

প্রশাসনের এ সিদ্ধান্তে গত বুধবার থেকে জেলায় সর্বস্তরের মানুষের মধ্যে আলোচনা–সমালোচনা শুরু হয়েছে। কেউ জেলা প্রশাসকের সিদ্ধান্তের সঙ্গে একমত হলেও কেউ কেউ এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে সমালোচনা করছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও এ নিয়ে লেখালেখি চলছে।

নাগরিক অধিকার বিবেচনায় জেলা প্রশাসকের এমন সিদ্ধান্ত নেয়ার কোনো সুযোগ নেই বলে মনে করেন জেলার সচেতন নাগরিক কমিটির সভাপতি খান মোহাম্মদ শহীদ গণমাধ্যমকে বলেন, ‘ডিসির সিদ্ধান্তের কয়েকটি বিষয় বিতর্কিত। তবে জেলার পরিস্থিতি বিবেচনায় এমন সিদ্ধান্ত নেয়া যেতে পারেন না। ডিসি বা এসপি কোনো মানুষকে ইনফোর্স করার মতো অধিকার রাখেন না।’

তার দাবি, বর্তমানে পরিস্থিতি বিবেচনায় কোনো মানুষকে ফোর্স না করে সচেতনতার মাধ্যমে ইয়াং ছেলেমেয়ে ও শিক্ষার্থীদের সতর্ক করতে হবে। তাই এসব সিদ্ধান্তে সরাসরি না গিয়ে প্রশাসনের উচিত সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সবাইকে নিয়ে কাজ করা।

গত মঙ্গলবার সন্ধ্যায় শিবচর উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এক মতবিনিময় সভায় মাদারীপুরের জেলা প্রশাসক রহিমা খাতুন জেলার আইনশৃঙ্খলা রক্ষায় ‘ইয়াং’ ছেলেমেয়ে ও শিক্ষার্থীদের নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত নেয়ার কথা তার বক্তব্যে প্রকাশ করেন। এরপর তিনি চায়ের দোকানগুলোয় টেলিভিশন রাখতে পারবে না বলেও বক্তব্য দেন।

জেলা প্রশাসকের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার থেকে জেলার বিভিন্ন এলাকায় সচেতনতামূলক মাইকিং করার কথা গত বুধবার জানানো হয়। এমনকি জেলা প্রশাসনের সিদ্ধান্ত না মানলে আগামী মাসের প্রথম সপ্তাহে পুলিশ ও অন্যান্য বাহিনীর সহযোগিতায় জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করার কথাও বলা হয়। কিন্তু জেলাজুড়ে সমালোচনা শুরু হওয়ার মাইকিং কার্যক্রম সাময়িক স্থগিত রাখা সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জানতে চাইলে বৃহস্পতিবার মাদারীপুরের জেলা প্রশাসক রহিমা খাতুন গণমাধ্যমকে বলেন, ‘আমরা ইয়াং ছেলেমেয়ে ও শিক্ষার্থীদের ভালোর জন্য কিছু বিষয় সিদ্ধান্ত নিয়েছিলাম। চেয়েছিলাম মাইকিং করে সবাইকে সচেতন করতে। কিন্তু কিছু মানুষ এ ব্যাপারটা অন্যদিকে নিয়ে যাচ্ছে। এ কারণে আমরা মাইকিংয়ের বিষয়টি আজ (বৃহস্পতিবার) করিনি।’

জনগণ ও জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে আরো আলোচনা করে সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করা হবে। সাধারণ জনগণের সঙ্গে কথা বলে ব্যাপারটা আমরা বোঝাব।- যোগ করেন তিনি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.