বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার তার নিখুঁত কমেডি টাইমিংয়ের জন্য বিশেষভাবে পরিচিত। তবে অভিনেতার মতে, ডিজিটাল যুগে মানুষকে হাসানো আগের চেয়ে অনেক বেশি কঠিন হয়ে গেছে। কারণ এখন প্রতিদিনই দর্শকরা মিম, রিলস এবং নানা ধরনের হাস্যরসাত্মক কনটেন্টের সঙ্গে পরিচিত হচ্ছেন।

অক্ষয় কুমার অভিনীত কমেডি-অ্যাকশন ঘরানার ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমার মুক্তিকে সামনে রেখে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে সাক্ষাৎকারে দিয়েছেন তিনি। অক্ষয় কুমার বলেন, “এটা এখন অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে গেছে। চারদিকে রিলস, মিম আর কমেডি কনটেন্টে ভরে গেছে। তবে কমেডি একটা বিশাল নদীর মতো, যা কখনো শুকিয়ে যায় না। শারীরিক কমেডি, পরিস্থিতিনির্ভর কমেডি, স্ল্যাপস্টিক কিংবা ডার্ক হিউমার—কমেডির নানা ধরন রয়েছে।”
গত কয়েক বছরে ভারতে কমেডির নতুন নতুন ক্ষেত্র তৈরি হয়েছে, যার মধ্যে স্ট্যান্ড-আপ কমেডিও অন্যতম। এ তথ্য স্মরণ করে অক্ষয় কুমার বলেন, “মানুষকে হাসানোর অসংখ্য উপায় আছে। ইনস্টাগ্রাম খুললেই অসংখ্য মিম ও মজার ভিডিও দেখা যায়। মানুষ প্রতিদিন কমেডি উপভোগ করছেন। অনেক কমেডি শো হচ্ছে, অনেক মেধাবী স্ট্যান্ড-আপ কমেডিয়ান নতুন নতুন কনটেন্ট তৈরি করছেন। তারপরও মানুষকে হাসানো সবচেয়ে কঠিন।”
স্ট্যান্ড-আপ কমেডিয়ানদের প্রশংসা করে অক্ষয় কুমার বলেন, “অনেকেই কমেডিকে ছোট করে দেখেন। কিন্তু স্ট্যান্ড-আপ শিল্পীদের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। একা মঞ্চে দাঁড়িয়ে দর্শকদের হাসানো অবিশ্বাস্য রকম কঠিন কাজ।”
আগামী শুক্রবার (২৬ জুন) প্রেক্ষাগৃহে মুক্তি পাবে অক্ষয় কুমারের নতুন সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। সিনেমার গল্পে দেখা যাবে, সীমান্তবর্তী একটি জঙ্গলে একদল গ্যাংস্টার, অপরাধী এবং বিচিত্র স্বভাবের মানুষের পথ এক জায়গায় এসে মিলে যায়। শুরুতে যা একটি চলচ্চিত্রের শুটিং অভিযানের মতো মনে হয়, পরে তা অপরাধ, বিভ্রান্তি এবং অ্যাকশনসহ নানা হাস্যকর ঘটনায় রূপ নেয়।
সিনেমাটিতে অক্ষয়ের সঙ্গে আরো অভিনয় করেছেন—সুনীল শেঠি, পরেশ রাওয়াল, রাভিনা ট্যান্ডন, আরশাদ ওয়ার্সি, লারা দত্ত, দিশা পাটানি, জ্যাকলিন ফার্নান্দেজ প্রমুখ।
‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি এটি। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওয়েলকাম’ সিনেমায় অক্ষয়ের পাশাপাশি অভিনয় করেছিলেন নানা পাটেকার, অনিল কাপুর, পরেশ রাওয়াল, ক্যাটরিনা কাইফ, ফিরোজ খান প্রমুখ। ২০১৫ সালে মুক্তি পায় ‘ওয়েলকাম ব্যাক’।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমা পরিচালনা করেছেন আহমেদ খান। প্রযোজনায় রয়েছে স্টার স্টুডিওস, বেস ইন্ডাস্ট্রিজ গ্রুপ, কেপ অব গুড ফিল্মস এবং সীতা ফিল্মস।
*হিন্দুস্তান টাইমস অবলম্বনে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



