‘ভিরে দি ওয়েডিং’খ্যাত অভিনেত্রী স্বরা ভাস্কর গর্ভাবস্থার পরবর্তী ওজন নিয়ে ব্যঙ্গ করাকে ‘নির্বুদ্ধিতা ও কদর্যতা’ বলে অভিহিত করেছেন। নারীরা তাদের গর্ভে একটি প্রাণকে লালন করেন, পুষ্টি দেন এবং পৃথিবীর আলো দেখান— এই অসাধ্য সাধনের পর আপনার শরীরের পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক বলে বিশ্বাস করেন তিনি। অভিনেত্রী মা হওয়ার পর শরীরের ওজন বেড়েছে, আর তাতেই যেন ‘অপরাধ’ করে ফেলেছেন তিনি।

সম্প্রতি ২০১৮ সালের একটি পুরোনো ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছিলেন স্বরা ভাস্কর। আর সেই ছবির কমান্টবক্সে ধেয়ে আসে কুরুচিকর বডি-শেমিং। এক নেটিজেনের মেসেজ স্ক্রিনশট শেয়ার করে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে নেন স্বরা ভাস্কর। সেই নেটিজেনের মেসেজে লেখা ছিল— ‘কোথা থেকে কোথায় পৌঁছে গিয়েছ তুমি! এত ভালো অভিনেত্রী ছিলে…, জানি না কেন এমন হলে?’
এবার অভিনেত্রী সেই মেসেজের পাল্টা জবাব দিলেন। স্বরা ভাস্কর লিখেছেন— মানুষ যখন এ ধরনের মেসেজ লেখে, তখন তাদের নিজেদের সম্পর্কে কোনো বোধ থাকে না দেখে অবাক লাগে। এখানেই শেষ নয়; অভিনেত্রী একটি দীর্ঘ পোস্ট লেখেন। সেখানে প্রশ্ন তোলেন নারীদের ওপর চাপিয়ে দেওয়া অবাস্তব সৌন্দর্যের মাপকাঠি নিয়ে।
স্বরা ভাস্কর একটি কোলাজ ছবি পোস্ট করেছেন। একদিকে ২০১৮ সালের তন্বী স্বরা ভাস্কর, অন্যদিকে বর্তমানের স্বরা— যার কোলে রয়েছে একরত্তি কন্যা রাবিয়া। ট্রলারদের একহাত নিয়ে অভিনেত্রী লিখেছেন— এ বিষয়ে আমি বারবার লড়ব! গত কয়েক বছরে মানুষ যেভাবে আমার ওপর ক্ষোভ উগরে দিয়েছে। কারণ সন্তান জন্মের পর আমার শরীর বদলে গেছে এবং আমি অচেনা মানুষের বেঁধে দেওয়া সময়ে ওজন কমাতে রাজি হইনি, তা সত্যিই অদ্ভুত!
স্বরা ভাস্কর বলেন, তিনি ফিটনেস বা স্বাস্থ্যের বিরোধী নন। কিন্তু সমাজ যেভাবে নারীদের একটি নির্দিষ্ট ‘বক্স’-এর মধ্যে আটকে রাখতে চায়, তিনি তার বিরোধী। তিনি বলেন, ‘জীবন মানেই সামনের দিকে এগিয়ে যাওয়া। আমাদের নিজেদের শরীরকে সেই সময়টুকু এবং সম্মানটুকু দেওয়া উচিত।’ পোস্টপোর্টেম ওজন বা গর্ভাবস্থার পরবর্তী ওজন নিয়ে ব্যঙ্গ করাকে তিনি ‘নির্বুদ্ধিতা ও কদর্যতা’ বলে অভিহিত করেন।
বলিউডে মা হওয়ার পরপরই ‘জিরো ফিগার’-এ ফেরার যে হুজুগ, তার বিরুদ্ধে গর্জে উঠে স্বরা বলেন, তিনি সজ্ঞানেই পুরোনো চেহারায় দ্রুত ফিরে আসার লড়াইয়ে নামেননি। তিনি বলেন, অভিনয় দক্ষতার সঙ্গে ওজন কমানোর কোনো সম্পর্ক নেই।’ মাতৃত্বের এই পরিবর্তন অত্যন্ত স্বাভাবিক এবং তা নিয়ে লজ্জিত হওয়ার কিছু নেই বলে জানান অভিনেত্রী।
স্বরা ভাস্কর বলেন, মা হওয়ার পর ‘ফিরে আসা’ বা ‘বাউন্স ব্যাক’ বলে কিছু হয় না। কারণ সন্তান হওয়ার পর আপনি সারাজীবনের জন্য মা হয়ে যান। জীবনটাই আমূল বদলে যায়। তিনি বলেন, নারীরা তাদের গর্ভে একটি প্রাণকে লালন করেন, পুষ্টি দেন এবং পৃথিবীর আলো দেখান— এই অসাধ্য সাধনের পর শরীরের পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক। তিনি প্রশ্ন তোলে বলেন, কেন আমরা নিজেদের ওপর এই নিষ্ঠুরতা করব যে, আমাদের পুরোনো সেই কিশোরী বা তরুণী চেহারায় ফিরতেই হবে?
আরও পড়ুনঃ
স্বরা ভাস্করের এই বলিষ্ঠ পোস্টের পর অনেকেই তার পাশে দাঁড়িয়েছেন। সামাজিক মাধ্যমে নেটিজেনদের একাংশ বলেছেন, সেলিব্রিটি মানেই যে সারাক্ষণ নিখুঁত থাকতে হবে— এমন ধারণা ভাঙার সময় এসেছে। নিজের শরীরের ওপর নিয়ন্ত্রণ এবং নিজের ইচ্ছামতো জীবন কাটানোর যে অধিকার স্বরা দাবি করেছেন, তা অনেক নারীর কাছেই আজ অনুপ্রেরণা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


