নারীর আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব ও সৌন্দর্যের বহুমাত্রিক প্রকাশকে উদযাপন করতে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো— মিস অ্যান্ড মিসেস প্লাস বিউটির গ্র্যান্ড ফিনালে। রাজধানীর নিউ বেইলি রোডের গাইড হাউজে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতার তৃতীয় সিজন। এতে বিজয়ের মুকুট জিতেছেন ওয়াফিয়া সাদিকা। প্রথম রানার্সআপ হয়েছেন জেরিন খান, আর দ্বিতীয় রানার্সআপের সম্মান অর্জন করেছেন ডালিয়া ইসলাম জুঁই।

স্টার মাল্টিমিডিয়া ও ড্যান্স কিংডম-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতা শুরু হয়েছিল ৩০ জন প্রতিযোগীকে নিয়ে। প্রাথমিক বাছাই শেষে দ্বিতীয় পর্বে উত্তীর্ণ হন ১৫ জন। পরে বিভিন্ন ধাপের মূল্যায়নের মাধ্যমে সেরা ৮ প্রতিযোগীকে নিয়ে অনুষ্ঠিত হয় গ্র্যান্ড ফিনালে। ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস, র্যাম্প উপস্থাপনা, পারফরম্যান্স এবং সামগ্রিক দক্ষতার ভিত্তিতে বিজয়ীদের নির্বাচন করা হয়।
এ প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, শামীম জামান, অভিনেত্রী আচল আঁখি, অভিনেতা জয় চৌধুরী এবং স্টার মাল্টিমিডিয়ার কর্ণধার সোহেল আফসান। অনুষ্ঠানে বিশেষ স্টেজ পারফরম্যান্সে অংশ নেন ফ্যাশন মডেল ও কোরিওগ্রাফার অ্যাডলফ খান, যা দর্শকদের বাড়তি আনন্দ দেয়।
অনুষ্ঠান সম্পর্কে স্টার মাল্টিমিডিয়ার কর্ণধার সোহেল আফসান বলেন, “প্লাস সাইজ নারীদের জন্য একটি সম্মানজনক ও অনুপ্রেরণামূলক প্ল্যাটফর্ম তৈরি করাই আমাদের মূল লক্ষ্য। সৌন্দর্য শুধু বাহ্যিক রূপে সীমাবদ্ধ নয়; আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব ও যোগ্যতাই একজন মানুষের প্রকৃত পরিচয়। ‘মিস অ্যান্ড মিসেস প্লাস বিউটি’ এর মাধ্যমে আমরা সেই বার্তাই সবার কাছে পৌঁছে দিতে চাই। ভবিষ্যতে আরো বড় পরিসরে এই আয়োজন অব্যাহত থাকবে এবং নতুন প্রতিভাবান মুখকে সামনে নিয়ে আসার চেষ্টা করা হবে।”
মিস অ্যান্ড মিসেস প্লাস বিউটি’ কেবল একটি সৌন্দর্য প্রতিযোগিতা নয়; এটি প্লাস সাইজ নারীদের আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব ও সক্ষমতাকে তুলে ধরার একটি ইতিবাচক প্ল্যাটফর্ম। ফ্যাশন, মিডিয়া ও বিনোদন অঙ্গনে তাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করাই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য বলে জানান আয়োজকরা।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
তারকাদের প্রাণবন্ত উপস্থিতি, প্রতিযোগীদের আকর্ষণীয় পরিবেশনা এবং বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় ‘মিস অ্যান্ড মিসেস প্লাস বিউটি সিজন-৩’-এর গ্র্যান্ড ফিনালে। পুরো অনুষ্ঠানে ছিল উৎসবমুখর পরিবেশ, যা উপস্থিত দর্শকদের জন্য হয়ে ওঠে স্মরণীয় এক সন্ধ্যা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



