সুন্দর এই পৃথিবীর নানা প্রান্তে লুকিয়ে আছে বিস্ময়। বিচিত্র জাতি-গোষ্ঠীর রয়েছে বৈচিত্র্যময় রীতি-নীতি। উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে এমনই অদ্ভূত একটি ঘটনা ঘটেছে। দেশটির উপকূলীয় একটি শহরের মেয়র কুমিরকে বিয়ে করেছেন। এ মহূর্তের ভিডিও-ছবি অন্তর্জালে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে দারুণ চর্চা চলছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম স্কাই নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, মেয়র ভিক্তর ওগো সসা ‘আলিসিয়া আদ্রিয়ানা’ নামে একটি স্ত্রী কাইম্যানকে (এক প্রজাতির কুমির) বিয়ে করেছেন। পূর্বপুরুষদের প্রাচীন আচার পুনরায় পালনের জন্য এটি করেছেন তিনি। স্থানীয় লোকবিশ্বাস, কাইম্যানটিকে ‘রাজকুমারী’ হিসেবে বিবেচনা করা হয়।
বিয়ের সময় মেয়র ভিক্তর ওগো সসা বলেন, “আমাদের মাঝে ভালোবাসা রয়েছে।”

দক্ষিণ মেক্সিকোর ওয়াহাকা অঙ্গরাজ্যের আদিবাসী চন্টাল জনগোষ্ঠীর শহর সান পেদ্রো হুয়ামেলুলায় আয়োজিত এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত লোকজন হাততালি, নাচ-গানের মাধ্যমে নবদম্পতিকে স্বাগত জানান।
বিয়ের অনুষ্ঠানে মেয়র ভিক্ত সসা বলেন, “আমি এই দায়িত্ব গ্রহণ করছি। কারণ আমরা পরস্পরকে ভালোবাসি। আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভালোবাসা ছাড়া কোনো বিয়ে হতে পারে না। আমি এই রাজকুমারীকে বিয়ে করতে সম্মত হচ্ছি।” এসময় কাইম্যানটির মাথায় চুমু খেতেও দেখা যায় মেয়রকে।

২৩০ বছর ধরে এই অঞ্চলে একজন পুরুষের সঙ্গে একটি স্ত্রী কাইম্যানের প্রতীকী বিয়ের আয়োজন করা হয়ে থাকে। এই রীতির মাধ্যমে আদিবাসী চন্টাল ও হুয়াভে জনগোষ্ঠীর মধ্যে প্রতিষ্ঠিত শান্তি ও ঐক্যের স্মরণ করা হয়। ঐতিহ্য অনুযায়ী, চন্টাল রাজার প্রতীক হিসেবে মেয়র কাইম্যানকে বিয়ে করেন, আর কাইম্যানটি হুয়াভে সম্প্রদায়ের রাজকুমারীর প্রতীক। এই প্রতীকী বিয়ে দুই জনগোষ্ঠীর ঐক্যকে তুলে ধরে।
কাইম্যান (কুমির) সাধারণত জলাভূমিতে বসবাস করে। মেক্সিকো ও মধ্য আমেরিকার বিভিন্ন অঞ্চলে এটি দেখা যায়। বিয়ের আগে কাইম্যানটিকে শহরের বিভিন্ন বাড়িতে নিয়ে যাওয়া হয়, যাতে স্থানীয় বাসিন্দারা তাকে কোলে নিতে এবং তার সঙ্গে নাচতে পারেন।

কনে সাজাতে কুমিরটিকে (কাইম্যান) পরানো হয় সবুজ রঙের স্কার্ট, হাতে তৈরি রঙিন টিউনিক, ফিতা ও মুকুট। মুকুটটি ঝলমলে অলংকারে সাজানো হয়েছে। নিরাপত্তার স্বার্থে অনুষ্ঠানের আগে কুমিরটির মুখ সুতা বা ফিতা দিয়ে বেঁধে দেওয়া হয়, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।
এরপর তাকে সাদা রঙের পোশাকে কনে সাজিয়ে স্থানীয় টাউন হলে নিয়ে যাওয়া হয়, সেখানে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ে শেষে মেয়র তার নববধূ কুমিরটির সঙ্গে স্থানীয় ঐতিহ্যবাহী সুরের তালে নৃত্য পরিবেশন করেন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
পরে যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম এএফপিকে মেয়র ভিক্তর সসা বলেন, “আমরা খুবই আনন্দিত। কারণ আজ আমরা দুটি সংস্কৃতির মিলন উদযাপন করছি। এতে মানুষও ভীষণ খুশি।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



