যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার প্রভাবে আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। বিশেষ করে হরমুজ প্রণালিকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে এর প্রভাব পড়েছে।

আজ সোমবার (১৩ জুলাই) লেনদেনের শুরুতে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৮ দশমিক ৫০ ডলারে পৌঁছায়। এর আগে ব্রেন্টের দাম নেমে এসেছিল ৭০ দশমিক ১৪ ডলারে।
একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দামও ৩ দশমিক ৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৩ দশমিক ৮৩ ডলারে ওঠে।
জ্বালানি বিশেষজ্ঞ ও জর্জ মেসন বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ ভিজিটিং ফেলো ওমিদ শোকরি আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরাকে বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত অব্যাহত থাকলে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮০ ডলারের ওপরে উঠতে পারে। ভূরাজনৈতিক ঝুঁকি বাড়ার কারণে বাজারে অতিরিক্ত ঝুঁকির মূল্য যোগ করছেন ব্যবসায়ীরা।
তিনি বলেন, সবচেয়ে বড় আশঙ্কা তৈরি হতে পারে যদি সংঘাতের কারণে হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচল ব্যাহত হয়। পাশাপাশি উপসাগরীয় অঞ্চলের তেল উৎপাদন ও রপ্তানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে বাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে।
ওমিদ শোকরি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি বা সমঝোতার পরিস্থিতি যতদিন অনিশ্চিত থাকবে, ততদিন জ্বালানি তেলের দামও তুলনামূলকভাবে উচ্চ পর্যায়ে থাকতে পারে। পরিস্থিতি স্বাভাবিক হলেও বাজারে অস্থিরতা কিছু সময় অব্যাহত থাকবে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
বিশ্লেষকদের মতে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালির নিরাপত্তা পরিস্থিতি এখন তেলের বাজারের অন্যতম প্রধান নিয়ামক। সরবরাহ ব্যবস্থায় কোনো ধরনের বিঘ্ন ঘটলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



