
অবতরণের সময় একটি প্রশিক্ষণ বিমানের চাকা ভেঙ্গে যাওয়ায় রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবের বন্ধ রাখা হয়েছে।
বিমানবন্দরের নিরাপত্তা সুপারভাইজার আবদুল মতিন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্যালাক্সি ফ্লাইং একাডেমির প্রশিক্ষণ বিমানটি (নম্বর এস২-এএফকেএন) উত্তর দিক থেকে অবতরণ করার সময় রানওয়ের মাঝামাঝি এলে বিমানটির পেছনের ডান পাশের একটি চাকা গোড়া থেকে ভেঙে যায়। বিমানটি পুনরায় আকাশে ওড়ার চেষ্টা করলে হুমড়ি খেয়ে সামনের বড় চাকাটি গোড়া থেকে ভেঙে রানওয়েতে মুথ থুবড়ে পড়ে।
আবদুল মতিন বলেন, বিমানটি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমানে গ্যালাক্সি ফ্লাইং একাডেমির চিফ ফ্লাইং প্রশিক্ষক ক্যাপ্টেন মশিউর রহমান চালক হিসেবে ছিলেন। প্রশিক্ষণার্থী ছিলেন রায়হান গফুর।
দুর্ঘটনার কারণ জানতে ফ্লাইং একাডেমির কর্মকর্তারা কাজ করছেন বলে জানা গেছে। দুর্ঘটনার কারণে রাজশাহী বিমানবন্দরে উড্ডয়ন ও অবতরণ সাময়িক ভাবে বন্ধ আছে। রানওয়ে ক্লিয়ার হলে পুনরায় বিমান চলাচল শুরু হবে।
দুর্ঘটনার কারণ জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



