সৌদি আরবে বসবাসরত গৃহকর্মী ও তাদের নিয়োগকর্তাদের জন্য একটি বড় ও স্বস্তির খবর। গৃহকর্মীদের রেসিডেন্সি পারমিট বা ইকামা নবায়নের ক্ষেত্রে আরও নমনীয় ও সহজ বিকল্প চালু করেছে দেশটির সরকার।

এখন থেকে আর বাধ্যতামূলকভাবে এক বা দুই বছরের ফি একসাথে দিতে হবে না। বরং মাত্র ৩ মাসের জন্যও নবায়ন করা যাবে ইকামা।
সৌদি আরবের ভিশন ২০৩০ এবং ডিজিটাল রূপান্তরের পালে হাওয়া লাগিয়ে আরও এক ধাপ এগিয়ে গেল দেশটির প্রশাসনিক সেবা। গৃহকর্মীদের ইকামা নবায়নের দীর্ঘদিনের চেনা নিয়মে এলো এক যুগান্তকারী পরিবর্তন।
পাসপোর্ট অধিদপ্তর বা জাওয়াজাত, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে চালু হয়েছে এই নতুন সেবা।
এখন থেকে নিয়োগকর্তারা তাদের সুবিধামতো ৩ মাস থেকে শুরু করে বিভিন্ন মেয়াদের জন্য ইকামা ইস্যু বা নবায়ন করতে পারবেন সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে।
পাসপোর্ট অধিদপ্তর বা জাওয়াজাত এবং মানবসম্পদ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে চালু হওয়া এই সেবার আওতায় পূর্বে যেখানে শুধুমাত্র এক বা দুই বছরের জন্য ইকামা নবায়নের সুযোগ ছিল, সেখানে এখন থেকে ৩, ৬, ৯ কিংবা সর্বোচ্চ ২৪ মাসের জন্য পারমিট নেওয়া যাবে।
সহজ কথায়, ৩ মাস বা ৩-এর অধিক যেকোনো মেয়াদে ত্রৈমাসিক ভিত্তিতে অর্থ পরিশোধের দারুণ সুযোগ পাচ্ছেন নিয়োগকর্তারা।
নতুন নিয়মের ফলে একসাথে মোটা অঙ্কের টাকা পরিশোধের আর্থিক চাপ যেমন কমবে, তেমনি প্রয়োজন অনুযায়ী মেয়াদের ফি দেওয়ার নমনীয়তা তৈরি হলো।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সুবিধাভোগীদের বহুমুখী চাহিদা পূরণ, ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং সরকারি সেবার কার্যকারিতা বাড়াতেই এই বাস্তবমুখী পদক্ষেপ।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে আবাসন-সম্পর্কিত সেবা আরও সহজ ও জনবান্ধব করার এই উদ্যোগ সৌদি আরবের শ্রমবাজারকে যেমন গতিশীল করবে, তেমনি প্রবাসী কর্মীদের কর্মসংস্থানকেও আরও সুরক্ষিত করবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



