গ্রেফতার হওয়া ব্যবসায়ী মির্জা আবুল বাশার মামুনের সঙ্গে নাম জড়িয়ে ভুয়া সংবাদ প্রকাশে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। এ ঘটনায় যথাযথ ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দিয়েছেন নায়িকা।

শুক্রবার (১৯ জুন) রাতে গুলশানের একটি ফ্ল্যাটে বাথরুমের দেয়ালের পেছনে বিশেষ কায়দায় তৈরি করা একটি গোপন সুড়ঙ্গে আত্মগোপনে ছিলেন ব্যবসায়ী মির্জা আবুল বাশার মামুন। দীর্ঘ ১৮ ঘণ্টা শ্বাসরুদ্ধকর অভিযানের পর শনিবার (২০ জুন) তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় প্রতারণাসহ একাধিক মামলা রয়েছে।
মামলায় বাশারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় চাকরি দেয়া, ব্যবসায় বিনিয়োগ, গাড়ি কেনাবেচা এবং কোরবানীর গরু কেনার নামে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। বিটিএল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তাকে (সিইও) গুলশান থানা পুলিশ গ্রেফতার করলে এ ঘটনায় একাধিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, চিত্রনায়িকা ববির স্বামী গ্রেফতার হয়েছেন।
ওই খবরে রোববার (২১ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষোভ ঝাড়েন অভিনেত্রী। জানান, বাশারের সঙ্গে জড়িয়ে কোথাও ‘কথিত স্ত্রী’, কোথাও ‘স্ত্রী’ শিরোনামে যে খবর প্রকাশিত হয়েছে সেটি সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। ভিউ বাণিজ্য ও নায়িকার সম্মানহানি করতে এমনটা করা হয়েছে বলে একটি কুচক্রী মহলকে দায়ী করেন ববি।
পাঠকের জন্য চিত্রনায়িকা ববির ফেসবুক পোস্ট তুলে ধরা হলো-
শনিবার বিকেল থেকে ব্যবসায়ী মির্জা আবুল বাশারকে কেন্দ্র করে আমাকে নিয়ে বেশ কিছু গণমাধ্যমে চটকদার সংবাদ প্রকাশ করেছে। সেখানে বাশারের সঙ্গে জড়িয়ে কোথাও ‘কথিত স্ত্রী’, কোথাও ‘স্ত্রী’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে। বিষয়টি সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। মূলত ভিউ বাণিজ্য ও আমার সম্মানহানি করতেই একটি কুচক্রী মহল এ কাজ করছে। তবে দেশের গণমাধ্যম ও সাংবাদিকদের প্রতি আমার আস্থা রয়েছে।
আমাকে হেয় করার জন্য যেসব গণমাধ্যম ভুয়া খবর ছড়িয়েছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবো। আমাকে আপনারা দীর্ঘদিন ধরে চেনেন যদি বিয়ে নামের পবিত্র সম্পর্কে জড়িয়ে থাকি সেটি অবশ্যই আমি নিজ থেকে সামনে আনবো।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
প্রসঙ্গত, চিত্রনায়িকা ববিকে সবশেষ বড়পর্দায় দেখা গেছে গত ঈদে মুক্তি পাওয়া ‘তছনছ’ সিনেমায়। এ সিনেমায় নায়িকার বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা মুন্না খান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



