
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, হামাসের প্রধান ইসমাইল হানিয়ার মৃত্যুতে উল্লাস প্রকাশ করেছেন ইসরাইলের হেরিটেজ-বিষয়ক মন্ত্রী আমিখাই এলিয়াহু।
হানিয়ার মৃত্যুর প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, ‘হামাস নেতার মৃত্যুতে পৃথিবী খানিকটা ভালোর দিকে এগিয়ে গেল।’
এক এক্স (সাবেক টুইটার) পোস্টে ইসমাইল হানিয়াকে ইঙ্গিত করে তিনি লিখেছেন, ‘এই নশ্বরদের জন্য কোনো করুণা নেই।’
তিনি আরও লেখেন, ‘যে লৌহদৃঢ় হাত তাদের আঘাত করবে কেবল সেটিই শান্তি ও একটু স্বস্তি আনতে পারবে এবং যারা শান্তি চায়, তাদের সঙ্গে বসবাস করার ক্ষমতাকে শক্তিশালী করবে।’
ইরানের রাজধানী তেহরানে হত্যার শিকার হন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া। বুধবার (৩১ জুলাই) এক বিবৃতিতে হানিয়ার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছে হামাস।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানায়, হানিয়া যে ভবনে অবস্থান করছিলেন, সেখানে হামলা চালানো হয়। এতে তিনি ও তার একজন দেহরক্ষী নিহত হন।
এতে আরও বলা হয়, মঙ্গলবার (৩০ জুলাই) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে হানিয়া তেহরানে গিয়েছিলেন।
হানিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছে হামাস। তাতে বলা হয়, তেহরানে নিজ আবাসস্থলে ‘বিশ্বাসঘাতক ইহুদিবাদী অভিযানে’ নিহত হয়েছেন ইসমাইল হানিয়া।
এদিকে, হানিয়াকে কীভাবে হত্যা করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি ইরান। দেশটির রেভল্যুশনারি গার্ড বলছে, ঘটনার তদন্ত চলছে।
অন্যদিকে, এ হত্যাকাণ্ডের জন্য ইসরাইলকে দায়ী করা হলেও এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি দেশটি। সিএনএনসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমকে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী বলেছে, ‘তারা হনিয়ার মৃত্যুর বিষয়ে বিদেশি গণমাধ্যমে কোনো মন্তব্য করবে না।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



