যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিখ্যাত স্থাপনা এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়া থেকে রাশিয়ার এক যুগলকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।

যুক্তরাষ্ট্রের একটি সংবাদমাধ্যমের হেলিকপ্টার থেকে ধারণ করা ঘটনার ভিডিওতে দেখা যায়, বুধবার (০১ জুলাই) কালো রঙের পোশাক পরা দুই ব্যক্তি ঐতিহাসিক আকাশচুম্বী এ ভবনের প্রধান অ্যান্টেনার ওপর দাঁড়িয়ে দৃশ্যত একে অপরকে চুম্বন করছেন।
মাটি থেকে প্রায় ৪৪৩ মিটার (১ হাজার ৪৫৪ ফুট) উঁচুতে অবস্থান করার সময় ওই যুগল একটি ব্যানার উন্মোচন করেন। তাতে লেখা ছিল, ‘ভালোবাসার শক্তি যখন ক্ষমতার প্রতি মানুষের ভালোবাসাকে পরাজিত করে, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হয়।’
১০২ তলা উঁচু এম্পায়ার স্টেট ভবনের যে অংশটি জনসাধারণের জন্য উন্মুক্ত, তার চেয়েও অনেক ওপরে অবস্থিত অ্যান্টেনায় ওই দুজন কীভাবে পৌঁছালেন, তা স্পষ্ট নয়।
পুলিশের বডি-ক্যামেরার ফুটেজে দেখা যায়, অ্যান্টেনায় দাঁড়িয়ে থাকা ওই দুই ব্যক্তিকে নিচে নামিয়ে আনতে একজন পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয়। মই বেয়ে ওঠার সময় ওই পুলিশ কর্মকর্তাকে বলতে শোনা যায়, ‘আপনারা কী করছেন?’ তারা দুজন কী জবাব দিয়েছিলেন, বাতাসের শব্দে তা শোনা যায়নি। পরে ওই পুলিশ কর্মকর্তা বলেন, ‘ঠিক আছে, আপনারা এখানে থাকতে পারবেন না।’
পরে গ্রেফতার হওয়া ওই যুগল হলেন রাশিয়ার নাগরিক ভানিয়া বেয়ারকুস ও অ্যাঞ্জেলা নিকোলাউ। ২০২৪ সালে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া প্রামাণ্যচিত্র ‘স্কাইওয়াকার্স: আ লাভ স্টোরি’–তে উপস্থিত ছিলেন তারা। প্রামাণ্যচিত্রে শহরের উঁচু ভবনে ওঠার ঝুঁকিপূর্ণ খেলা ‘রুফটপিং’-এর প্রতি তাদের আগ্রহ প্রকাশ পায়।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এক বিবৃতিতে ভবনের একজন মুখপাত্র ওই যুগলের ঘটনাকে ‘অবৈধ’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, বাগ্দান উদ্যাপনের জন্য ওই যুগলের উচিত ছিল এক হাজার ডলারে ভবনের ‘হ্যাপি এভার এম্পায়ার প্রপোজাল প্যাকেজ’ কিনে তারপর বিয়ের প্রস্তাব দেওয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



