10

Advertisement
জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামে সপ্তাহের শুরু থেকেই বাড়তি দামে পেঁয়াজ বিক্রি হচ্ছিল। ক্রেতাদের অভিযোগের সত্যতা পেয়ে খাতুনগঞ্জ ভোগ্যপণ্যের পাইকারি বাজারে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

এ সময় কেজি ৪২ টাকায় কেনা পেঁয়াজ ৬৫-৭০ টাকায় বিক্রির প্রমাণ পাওয়ায় খাতুনগঞ্জের দুই আড়তদারকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় শুরু হওয়া অভিযান চলে বেলা আড়ইটা পর্যন্ত। চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম এ অভিযানে নেতৃত্ব দেন।

এসময় খাতুনগঞ্জের মেসার্স শাহ আমানত ট্রেডার্সকে এবং মেসার্স আজমীর ভান্ডারকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে শাহ আমানত ট্রেডার্সে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম তাদের মূল্য তালিকা এবং বিক্রয়মূল্য যাচাই করেন। সেখানে দেখা যায়, ৪২ টাকা কেজি দরে কেনা মিয়ানমারের পেঁয়াজ বিক্রি করছে ৬৫ টাকায়।

এছাড়া ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে বৌ বাজার হতে পেঁয়াজ কিনতে আসা নুর মোহাম্মদ নামে এক খুচরা ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেসার্স আজমীর ভান্ডারে গিয়ে মিয়ানমারের পেঁয়াজ ৭০ টাকায় বিক্রির প্রমাণ পান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বলেন, অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাদের সতর্ক করে বলা হয়েছে- যদি আবার এরকম ঘটনার প্রমাণ মেলে, তাহলে আড়ত সিলগালা করে পেঁয়াজ বাজেয়াপ্ত করা হবে।

তৌহিদুল ইসলাম আরও বলেন, মিয়ানমার হতে আসা ৫-১০ ভাগ পেঁয়াজ পচে গেছে। কিন্তু আড়তদারেরা শতভাগ পচে গেছে বলে অধিক দামে বিক্রির অজুহাত দিচ্ছে। আমদানিকারক-কমিশন এজেন্টদের কারসাজিতেই পেঁয়াজের দাম এভাবে বেড়েছে।

এই দাম নৈরাজ্যের সঙ্গে কিছু কমিশন এজেন্ট জড়িত উল্লেখ করে তৌহিদুল ইসলাম বলেন, তাদের সম্পর্কে খোঁজ নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নাম-ঠিকানা দিয়েছি। বাড়তি দামে যেসব আমদানিকারক বিক্রি করতে বলেছে, তাদের নামও বাণিজ্য মন্ত্রণালয় পাঠানো হবে।

এর আগে গত ১ অক্টোবর খাতুনগঞ্জে অভিযানের সময় পেঁয়াজের দাম স্বাভাবিক রাখার অঙ্গীকার করেছিলেন খাতুনগঞ্জের আড়তদাররা। এরপর পাইকারি ও খুচরা বাজারে পেঁয়াজের দাম কিছুটা কমলেও চলতি সপ্তাহে আবার বাড়তে শুরু করে।

অভিযানের পর খাতুনগঞ্জ বাজারে মিয়ানমারের পেঁয়াজ কেজি ৫০-৫৫ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ৬০-৬৫ টাকা বিক্রি হচ্ছে। এদিকে খুচরা বাজারে এখনো ভারতীয় পেঁয়াজ ৯০ টাকা এবং মিয়ানমারের পেঁয়াজ ৬৫-৭০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.