ভারতীয় সিনেমার ইতিহাসে যে কজন তারকা সবচেয়ে বর্ণাঢ্য ও বিস্ময়কর ক্যারিয়ার গড়েছেন, তাদের অন্যতম কমল হাসান। শিশুশিল্পী হিসেবে তার যাত্রা শুরু। গত ছয় দশকে নিজেকে বারবার নতুনভাবে উপস্থাপন করেছেন। কখনো অভিনেতা, কখনো নির্মাতা, কখনো চিত্রনাট্যকার, কখনো প্রযোজক কিংবা উদ্যোক্তা হিসেবে। কঠিন ও চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়, চলচ্চিত্র নির্মাণে নতুন প্রযুক্তি ও কৌশল ব্যবহারের জন্যও বিশেষভাবে পরিচিত। পুরস্কার ও বক্স অফিস সাফল্যে তার অর্জন সীমাবদ্ধ নেই। বরং ভারতীয় সিনেমায় অসামান্য অবদানের সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে তার পারিশ্রমিকও।

১৯৬০ সালে ক্ল্যাসিক ঘরানার ‘কালাতুর কান্নাম্মা’ সিনেমায় শিশুশিল্পী হিসবে প্রথম অভিনয় করেন কমল হাসান। এ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ৫০০ রুপি পারিশ্রমিক পেয়েছিলেন। ১৯৭৫ সালে ‘অপূর্বা রাগানগাল’ সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে বড়পর্দায় পা রাখেন কমল হাসান। এ সিনেমার জন্য ৫ হাজার রুপি পারিশ্রমিক পেয়েছিলেন তিনি। আশি ও নব্বই দশকের শুরুতে তার বাজারমূল্য ধারাবাহিকভাবে বাড়তে থাকে। ১৯৯৪ সালে ‘মহানধি’ সিনেমার জন্য ১ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে ইতিহাস গড়েন। একটি সিনেমার জন্য কোটি রুপি পারিশ্রমিক নেওয়া ভারতীয় প্রথম অভিনেতা কমল হাসান। পরবর্তীতে নির্দিষ্ট পারিশ্রমিকের বদলে সিনেমার লভ্যাংশ নেওয়ার চুক্তিতে কাজ শুরু করেন তিনি।
সম্প্রতি এক চলচ্চিত্র-সংক্রান্ত অনুষ্ঠানে প্রযোজক এইচ. মুরালি জানান, ‘আব্বাই শানমুগি’ সিনেমার জন্য ১ কোটি ৫০ লাখ রুপি পারিশ্রমিক নেওয়ার পরিবর্তে কমল হাসান চারটি অঞ্চলের ডিস্ট্রিবিউশন স্বত্ব গ্রহণ করেছিলেন। এই সিদ্ধান্ত তার জন্য দারুণ লাভজনক, বিষয়টি এরই মধ্যে প্রমাণিত। এর মাধ্যমে প্রায় ৫ কোটি রুপি আয় করে, যা নিয়মিত পারিশ্রমিকের তুলনায় অনেক বেশি।
ক্যারিয়ারের সাফল্যের সঙ্গে সঙ্গে কমল হাসানের পারিশ্রমিকও দ্রুত বেড়েছে। ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমায় অভিনয়ের জন্য প্রায় ১৩০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। সিনেমাটির সিক্যুয়েলের জন্য ১৫০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন বলে খবর প্রকাশিত হয়েছে। চলচ্চিত্রের পাশাপাশি টেলিভিশনেও ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত সঞ্চালকদের একজন কমল হাসান। ‘বিগ বস তামিল’ অনুষ্ঠানের প্রতি সিজন থেকে ১৩০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। ক্যারিয়ারের শুরুতেই লাভের অংশীদারিত্ব ও ডিস্ট্রিবিউশন-ভিত্তিক চুক্তি গ্রহণের সাহসী সিদ্ধান্তকে তার জীবনের অন্যতম সেরা ব্যবসায়িক পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হয়। পরবর্তীতে এই মডেল অনুসরণ করে অনেক তারকা ও প্রযোজক একই ধরনের ব্যবসায়িক কৌশলও গ্রহণ করেছেন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
দীর্ঘ সময় ধরে চলচ্চিত্রাঙ্গনের সঙ্গে যুক্ত থাকলেও ৭১ বছর বয়সি কমল হাসান এখনো সমানভাবে ব্যস্ত। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘থাগ লাইফ’। এটি পরিচালনা করেন মণি রত্নম। গত বছর মুক্তি পায় এটি। এখন ‘কল্কি’ সিনেমার সিক্যুয়েলের কাজ করছেন। তাছাড়া ‘কেএইচএক্সআরকে’ সিনেমায় সুপারস্টার রজনীকান্তের সঙ্গে তাকেও দেখা যাবে।
*টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



