আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সারা দেশে ৬৫৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এসব ম্যাজিস্ট্রেট আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) থেকে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট পাঁচ দিন প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের ক্ষমতাবলে দায়িত্ব পালন করবেন।
নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (আইন) মোহাম্মদ দিদার হোসাইন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, ভোটগ্রহণের আগের দুই দিন, ভোটের দিন এবং ভোটগ্রহণের পরের দুই দিন তারা দায়িত্বে থাকবেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘দ্য রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২’-এর (পি.ও. নং ১৫৫ অব ১৯৭২) অনুচ্ছেদ ৮৯এ-তে প্রদত্ত ক্ষমতাবলে গত ৫ ফেব্রুয়ারি এসব জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নিয়োগ দেওয়া হয়। আইন ও বিচার বিভাগ এবং সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তাদের এই ক্ষমতা প্রদান করা হয়েছে।
নির্বাচনী অপরাধ—যেমন ভোটদানে বাধা, কেন্দ্র দখল, বিশৃঙ্খলা সৃষ্টি ও অন্যান্য তফসিলভুক্ত অপরাধের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটরা ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৯০(১) ধারায় সংক্ষিপ্ত পদ্ধতিতে (সামারি ট্রায়াল) তাৎক্ষণিক বিচার পরিচালনা করবেন।
ইসি সচিবালয়ের জারি করা নির্দেশনায় বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের মঙ্গলবার পূর্বাহ্নেই সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় যোগ দিতে হবে এবং যোগদানপত্রের কপি ইসি সচিবালয়ে পাঠাতে হবে। বিচার শেষে নিষ্পত্তির বিবরণী ৭২ ঘণ্টার মধ্যে আইন শাখায় জমা দিতে হবে।
দায়িত্ব পালনে প্রতিটি ম্যাজিস্ট্রেট একজন করে সহায়ক স্টাফ নিতে পারবেন। জেলা প্রশাসন প্রয়োজন অনুযায়ী যানবাহনের ব্যবস্থা করবে এবং ম্যাজিস্ট্রেটদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কমিশনার, পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, দেশের ৩০০টি সংসদীয় আসনের জন্য অধিক্ষেত্র ভাগ করে এই ৬৫৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। পঞ্চগড়-১ থেকে বান্দরবানসহ প্রতিটি আসনে এক বা একাধিক ম্যাজিস্ট্রেট নির্বাচনী আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


