Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তান থেকে পাওয়া সর্বশেষ খবরে জানা যাচ্ছে, দেশটির দক্ষিণাঞ্চলে বিদ্রোহী গোষ্ঠী তালেবানের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। তবে উত্তরাঞ্চলের কোনো কোনো এলাকা থেকে তালেবান যোদ্ধারা পিছু হটছে।

সাম্প্রতিক সময়ে আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী ও তালেবানের মধ্যে সারাদেশে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। তালেবান যোদ্ধারা দেশটির মোট ৪০০ জেলার মধ্যে অন্তত ২০০ জেলা দখল করার দাবি করেছে। বিশ্লেষকরা আশঙ্কা প্রকাশ করেছেন যে, তালেবান আফগান সরকারের পতন ঘটাতে পারে।

আফগান সরকারি সূত্রের বরাত দিয়ে ইরানের আইআরআইবি নিউজ এজেন্সি জানিয়েছে, আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশের দাঁদ জেলাসদর থেকে সরকারি সেনারা সরে গেলে তালেবান এটির নিয়ন্ত্রণ নিয়েছে।

সরকারি একটি সূত্র জানিয়েছে, বেসামরিক নাগরিকদের জীবন বাঁচাতে সরকারি সেনারা পিছু হটেছে।

তবে উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে তালেবান অবস্থানগুলোতে আফগান সেনাবাহিনীর বিমান হামলায় বেশ কিছু তালেবান হতাহত হয়েছে। হামলায় তালেবানের স্থাপনা ও অবকাঠামোর মারাত্মক ক্ষতি হয়েছে।

উত্তর আফগানিস্তানে মোতায়েন আফগান সেনা মুখপাত্র মোহাম্মাদ হানিফ রেজায়ি বলেন, বালখ প্রদেশে প্রচুর ক্ষয়ক্ষতির শিকার হয়ে তালেবান পিছু হটে গেছে।

প্রায় দুই দশকের যুদ্ধ ও দখলদারিত্বের অবসান ঘটিয়ে আফগানিস্তান থেকে যখন বিদেশি সেনা প্রত্যাহারের কাজ চলছে তখন দেশটিতে তালেবান তাদের শক্তি দেখাতে শুরু করেছে।

আফগানিস্তানের চলমান সংঘাতে খবর সংগ্রহের জন্য দেশটিতে খুব অল্প সংখ্যক বিদেশি সাংবাদিক অবস্থান করছেন। দুদিন আগে রয়টার্সের একজন ভারতীয় ফটো সাংবাদিক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ কারণে দেশটির সংঘর্ষের সর্বশেষ পরিস্থিতি জানার জন্য কাবুল সরকার কিংবা তালেবান সূত্র থেকে প্রকাশ করা তথ্যের ওপর সংবাদ সংস্থাগুলোকে নির্ভর করতে হচ্ছে।

এদিকে আফগানিস্তানে শান্তি ফেরাতে তালেবান ও সরকারের প্রতিনিধিরা কাতারের রাজধানীর দোহায় দ্বিতীয় দিনের মতো বৈঠকে বসেছেন। এই বৈঠকে উভয়পক্ষ আফগানিস্তানের সমস্যা রাজনৈতিকভাবে সমাধানে একমত হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.