
আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে অবস্থান করা জাতিসঙ্ঘের কর্মীরা তালেবানের হাতে নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ এনেছে সংস্থাটি। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে এমন অভিযোগ আনেন আফগানিস্তানে জাতিসঙ্ঘের বিশেষ দূত ডেবোরাহ লায়ন্স।
ডেবোরাহ লায়ন্স বলেন, ‘তালেবানের হাতে আফগানিস্তানে জাতিসঙ্ঘের সদস্যদের হয়রানির ঘটনা বেড়েই চলেছে। এ নিয়ে আমাদের শঙ্কা বাড়ছে। আমরা কর্মীদের যতটা সম্ভব সহায়তা দিতে ও নিরাপদে রাখতে চেষ্টা চালিয়ে যাব।’
গত ২৫ আগস্ট আফগানিস্তানে জাতিসঙ্ঘের কর্মীদের হয়রানির বিষয়ে কিছু নথিপত্র রয়টার্সের হাতে আসে। জাতিসঙ্ঘের ওই নথিতে উল্লেখ করা হয়, তালেবানের হাতে কাবুলের পতনের আগে ১০ আগস্ট থেকেই একাধিক হয়রানির ঘটনা ঘটেছে। ওই সময় থেকে তালেবান সদস্যদের কাছে শারীরিকভাবে লাঞ্ছনার শিকার হয়েছেন জাতিসঙ্ঘের কর্মীরা। লুটপাটের ঘটনা ঘটেছে জাতিসঙ্ঘের নানা কার্যালয়ে। নানা হুমকিও আসছে তালেবানের কাছ থেকে।
আফগানিস্তানের মানুষের জন্য জাতিসঙ্ঘের কর্মীদের দেশটিতে অবস্থান করা খুবই জরুরি বলে মনে করেন ডেবোরাহ লায়ন্স। তিনি বলেন, কর্মীরা যদি এভাবে জীবনের ঝুঁকির মধ্য থাকেন এবং স্বাধীনভাবে চলাচল না করতে পারেন, তাহলে জাতিসঙ্ঘ কাজ চালিয়ে যেতে পারবে না।
এ নিয়ে নিরাপত্তা পরিষদকে মার্কিন কূটনীতিক জেফরি ডিলরেন্টিস বলেন, ‘আফগানিস্তানে জাতিসংঘের কর্মীদের ওপর তালেবান সহিংসতা চালাচ্ছে—এমন খবরে আমরা ক্ষুব্ধ। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
মার্কিন এই কূটনীতিক বলেন, আফগানিস্তানে জাতিসঙ্ঘ ও যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইডের নারী কর্মীদের কর্মক্ষেত্রে যেতে দেয়া হচ্ছে না এবং পুরুষ সহকর্মীদের সাথে কাজ করতে দেয়া হচ্ছে না বলে খবর পেয়েছে যুক্তরাষ্ট্র। তার এমন দাবির পরিপ্রেক্ষিতে ডেবোরাহ লায়ন্স বলেন, জাতিসঙ্ঘের কর্মীদের অবশ্যই সব ধরনের চাপ ও বৈষম্যের বাইরে থেকে কাজ চালিয়ে যাওয়ার সুযোগ দিতে হবে।
গত মাসে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে পশ্চিমা দেশগুলোর কাছে মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি দিয়ে আসছে তালেবান। তবে তাদের কথা সঙ্গে কাজ মিলছে না তেমন। ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আসছে তালেবানের বিরুদ্ধে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


