Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : এবার ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর কাছে পাঠানো এক প্রতিবেদনে বলেছেন, ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা অনুযায়ী ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার বা শিথিল করা হোক।

গুতেরেস তার চিঠিতে বলেছেন, “আমি পরমাণু সমঝোতায় বর্ণিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানাচ্ছি এবং একইসঙ্গে ইরানের প্রতি এই সমঝোতার প্রতিশ্রুতিতে পরিপূর্ণভাবে ফিরে আসার আহ্বান জানাচ্ছি।”

জাতিসংঘ মহাসচিব বলেন, “আমি এখনো বিশ্বাস করি ইরানের পরমাণু কর্মসূচির শান্তিপূর্ণ অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য পরমাণু সমঝোতাকে পুনরুজ্জীবিত করাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পন্থা।”

পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের যখন ধারাবাহিক সংলাপ চলছে তখন এ আহ্বান জানালেন অ্যান্তোনিও গুতেরেস। ২০১৮ সালের মে মাসে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করলে এটি নিয়ে চলমান অচলাবস্থার সূত্রপাত হয়।

ইরান বলছে, পরমাণু সমঝোতা আবার চালু করতে হলে আমেরিকাকে তেহরানের ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। কিন্তু আমেরিকা দাবি করছে, ইরানকে আগে পরমাণু সমঝোতার প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়ন করতে হবে। এই মতপার্থক্য নিরসন করতেই মূলত ভিয়েনা সংলাপ চলছে। গত সপ্তাহে এই সংলাপের ষষ্ঠ দফা আলোচনা শেষ হয়েছে। শিগগিরই আরেক দফা আলোচনা শুরু হবে বলে দু’পক্ষ আশা প্রকাশ করেছে।

সূত্র: পার্সটুডে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.