
ইরানের প্রতি সহানুভূতি দেখানোয় ৬৯ নাগরিকের নাগরিকত্ব বাতিল করেছে বাহরাইন। দেশটির অভিযোগ, এসব ব্যক্তি ইরানের ‘শত্রুতামূলক কর্মকাণ্ডের’ প্রতি সমর্থন বা সহানুভূতি দেখিয়েছে এবং বিদেশি সংস্থার সঙ্গে সহযোগিতা করেছে।
সোমবার (২৭ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ওই ৬৯ জনের মধ্যে একই পরিবারের একাধিক সদস্যও রয়েছেন। অভিযুক্ত সকলেই বাহরাইনি বংশোদ্ভূত নন। এই ব্যক্তিদের ইরানের শত্রুতামূলক কর্মকাণ্ডকে সমর্থন বা মহিমান্বিত করার কারণে, অথবা বিদেশি পক্ষের সঙ্গে যোগাযোগ রাখার জন্য নাগরিকত্ব বাতিল করা হয়েছে।
মন্ত্রণালয় জানায়, বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফার নির্দেশে এবং জাতীয়তা আইনের ১০(৩) ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই ধারা অনুযায়ী, রাষ্ট্রের স্বার্থের ক্ষতি করা বা রাষ্ট্রের প্রতি আনুগত্যের পরিপন্থি আচরণ করলে নাগরিকত্ব বাতিল করা যেতে পারে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কারা বাহরাইনি নাগরিকত্ব পাওয়ার যোগ্য তা ‘পর্যালোচনা ও যাচাই’ অব্যাহত রেখেছে।
ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংগঠন বাহরাইন ইনস্টিটিউট ফর রাইটস অ্যান্ড ডেমোক্রেসির অ্যাডভোকেসি পরিচালক সাইয়েদ আহমেদ আলওয়াদাই এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন। তিনি এটিকে দমননীতির এক বিপজ্জনক যুগের সূচনা বলে অভিহিত করেছেন। তিনি বলেন, এসব সিদ্ধান্ত আইনি সুরক্ষা বা আপিলের কোনো সুযোগ ছাড়াই নেওয়া হয়েছে।
সংগঠনটি জানিয়েছে, ২০১৯ সালের পর বাহরাইনে এটি প্রথমবারের মতো নাগরিকত্ব বাতিলের ঘটনা। ২০১২ থেকে ২০১৯ সালের মধ্যে অন্তত ৯৯০ জনের নাগরিকত্ব বাতিল করা হয়েছিল।
প্রতিবেদনে বলা হয়, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর বাহরাইনসহ উপসাগরীয় কয়েকটি আরব দেশে হামলা চালানো হয়েছে। এসব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে।
রয়টার্স জানিয়েছে, এ বিষয়ে বাহরাইনের ন্যাশনাল কমিউনিকেশন সেন্টার তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।

