রাজধানীতে ঢাকা ওয়াসার এটিএম বুথ থেকে সরবরাহ করা পানির দাম এক লাফে ২৫ শতাংশ বাড়ানো হয়েছে। এখন থেকে প্রতি লিটার পানির জন্য গ্রাহকদের গুনতে হবে ১ টাকা।

আজ রোববার (১ মার্চ) থেকেই নতুন এই দর কার্যকর হয়েছে। ঢাকা ওয়াসার সচিব এস এম জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে দাম বাড়ানোর এই সিদ্ধান্ত জানানো হয়। এর আগে, বুথ থেকে প্রতি লিটার পানি ৮০ পয়সায় সংগ্রহ করতে পারতেন সাধারণ গ্রাহকরা।
ওয়াসা কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৮ জানুয়ারি সংস্থার ‘কর্মসম্পাদন সহায়তা কমিটি’র ১৪তম সভায় এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। মূলত এটিএম বুথগুলোর পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (অপারেশন ও মেইনটেনেন্স) ব্যয় বৃদ্ধি পাওয়ায় পানির দাম বাড়ানোর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্ধারিত ১ টাকা মূল্যের মধ্যেই ভ্যাট ও ট্যাক্স অন্তর্ভুক্ত থাকবে।
এর আগে, ২০২৩ সালের ১ আগস্ট সর্বশেষ এই পানির দাম বাড়ানো হয়েছিল। সে সময় প্রতি লিটার পানির দাম ৪০ পয়সা থেকে বাড়িয়ে ৮০ পয়সা করা হয়। আড়াই বছরের ব্যবধানে এবার দ্বিতীয় দফায় দাম বাড়িয়ে তা ১ টাকায় উন্নীত করা হলো।
রাজধানীর বিভিন্ন এলাকায় নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের কাছে ওয়াসার এই এটিএম বুথের পানি বেশ জনপ্রিয়। বিশেষ করে নিরাপদ খাবার পানির সংকটে থাকা এলাকাগুলোতে এই বুথগুলোই প্রধান ভরসা।
তবে নতুন করে দাম বাড়ানোর ফলে সাধারণ গ্রাহকদের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


