
জুমবাংলা ডেস্ক : কঠোর লকডাউনের প্রথম দিনে সিরাজগঞ্জ শহরে রিকশা-ভ্যান চলাচল করছে। শহরের দোকানপাট, সিএনজি চালিত অটোরিকশা ও যাত্রীবাস চলাচল বন্ধ রয়েছে। তবে সাধারণ মানুষ নানা অজুহাতে ঘর থেকে বের হচ্ছে। কাঁচা বাজারগুলোতে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। গায়ে গা লেগে কেনা-বেচা হচ্ছে।
যারা ঘর থেকে বের হচ্ছেন তাদের অনেকের মুখে মাস্ক রয়েছে, অনেকের মুখে মাস্ক নেই। অনেকে থুতনির নিচে মাস্ক রেখে চলাচল করছে। মাস্ক না পরার অজুহাতও বিভিন্ন ধরনের। এ অবস্থায় লকডাউন কতটা সুফল বয়ে আনবে তা নিয়ে সংশয় রয়েছে। শহরের প্রধান প্রধান সড়কগুলোতে সেনাবাহিনী ও পুলিশ সদস্যের টহল চলছে।
অন্যদিকে স্বাস্থ্যবিধি না মানায় জেলায় দিনদিন করোনা রোগী ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত দুই সপ্তাহে জেলায় করোনায় আক্রান্ত হয়ে ২১ জন মারা গেছেন। জেলায় মোট মৃত্যু হয়েছে ৫১ জনের। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৬ করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় সাত হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। হাসপাতালে ভর্তি রয়েছে ২৮জন। গত ২৪ ঘণ্টায় শহরের আমলাপাড়ায় করোনায় একজন মারা গেছে।
জেলা প্রশাসক ড. ফারুক আহমেদ জানান, লকডাউন বাস্তবায়নে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত, সেনাবাহিনী, পুলিশ মাঠে রয়েছে। তিনি করোনা মহামারি হাত থেকে বাঁচতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


