
আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহারের বিমানবন্দরে আবার শুরু হয়েছে আন্তর্জাতিক ফ্লাইট। বৃহস্পতিবার এই বিমানব্ন্দরে আন্তর্জাতিক পথে বিমান চলাচল শুরু হয়েছে বলে কাবুল থেকে জানিয়েছেন সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিনিধি শার্লট বেলেস।
তিনি বলেন, তালেবানের নিয়ন্ত্রণ নেয়ার পর কান্দাহারে প্রথম ফ্লাইটটি তাজিকস্তান থেকে এসেছে। এই ফ্লাইটে ডক্টরস উইদাউট বর্ডার্সের কয়েকজন কর্মকর্তা এসেছেন, যারা প্রথমবারের মতো ‘ইসলামি আমিরাতের সিল’ তাদের পাসপোর্টে গ্রহণ করেছেন।
বেলেস বলেন, সুতরাং কাবুল বিমানবন্দর কোনো কারণে বন্ধ বা তাতে জটিলতা সৃষ্টি হলেও আফগানিস্তানের সাথে আন্তর্জাতিক যোগাযোগে কান্দাহার বিমানবন্দর ব্যবহারের আশা করা যেতে পারে।
এর আগে গত ১২ আগস্ট দীর্ঘ সংঘর্ষ শেষে সরকারি বাহিনীর কাছ থেকে কান্দাহারের নিয়ন্ত্রণ তালেবানের হাতে এলে বিমানব্ন্দরের ফ্লাইট চলাচল ব্ন্ধ হয়ে যায়।
২০০১ সালে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার জেরে আফগানিস্তানে আগ্রাসন চালায় মার্কিন বাহিনী। অত্যাধুনিক সমরাস্ত্রসজ্জ্বিত মার্কিন সৈন্যদের হামলায় আফগানিস্তানের তৎকালীন তালেবান সরকার পিছু হটে।
তবে একটানা দুই দশক যুদ্ধ চলে দেশটিতে।
দীর্ঘ দুই দশক আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের দখলের পর ২০২০ সালের ফেব্রুয়ারিতে কাতারের দোহায় এক শান্তিচুক্তির মাধ্যমে দেশটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার করতে সম্মত হয় ওয়াশিংটন। এর বিপরীতে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় অংশ নিতে তালেবান সম্মত হয়।
চুক্তি অনুসারে ক্ষমতাসীন থাকা মার্কিন সমর্থনপুষ্ট আফগান সরকারের সমঝোতার জন্য তালেবান চেষ্টা করলেও দুই পক্ষের মধ্যে কোনো সমঝোতা হয়নি। এর পরিপ্রেক্ষিতে চলতি বছর মার্কিন সৈন্য প্রত্যাহারের মধ্যে পুরো দেশের নিয়ন্ত্রণে অভিযান চালাতে শুরু করে তালেবান। মে থেকে অভিযান শুরুর পর সাড়ে তিন মাসের মাথায় ১৫ আগস্ট রাজধানী কাবুলের অধিকার নেয় তালেবান যোদ্ধারা।
সূত্র : আলজাজিরা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


